ছগীর আহাম্মেদের নেতৃত্বে স্লোগানে মুখর না.গঞ্জের রাজপথ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৯:৫০ পিএম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় নানা স্লোগানে স্লোগানে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা ছগীর আহাম্মেদের নেতৃত্বে শনিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রাজপথ কাঁপিছে নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মীসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে ২নং রেল গেইটের কার্যালয়ের সামনে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। একে একে এসে জড়ো হতে থাকেন। সবার কণ্ঠেই তখন ছিল ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটূক্তি এবং হত্যার হুমকির’ প্রতিবাদ। সমাবেশ শেষে বেলা ১২টার পর নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা ছগীর আহাম্মেদের নেতৃত্বে স্লোগানে স্লোগানে চলে প্রতিবাদ।
মিছিলে বলা হয়-‘৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার; গর্জে উঠুক আরেক বার, ৭১ এর হাতিয়ার’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত- রক্তের বন্যায়, বেশে যাবে অন্যায়’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে’, ‘নেত্রী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, রাজপথ ছাড়ি নাই, নেত্রী তোমার ভয় নাই’, ‘একশেন একশেন, ডাইরেক্ট একশেন; খুনি খালেদার বিরুদ্ধে ডাইরেক্ট একশেন, বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট একশেন’। দুপুরে চাষাঢ়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ছগীর আহাম্মেদ বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? এ দেশের গরীব দুঃখী মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ তায়ালা বাঁচিয়ে রেখেছে। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার যড়যন্ত্র করে লাভ নাই। কারণ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি এ দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত আছি। যে নেত্রী দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সেই নেত্রীর জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে আমরাও সদা প্রস্তুত আছি। পরে মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।এমই/জেসি


