আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে ধীরে ধীরে বদলে যাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। দেশের রাজনীতিতেও পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। নারায়ণগঞ্জে এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ব্যাপক ভাবে পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষ্যে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা গেছে।
এবার তারা আগে ভাগে কিছু প্রস্তুতিমূলক সভাও করেছেন। আর গতকাল সারা নারায়ণগঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে দিবসটি পালন করতে দেখা গেছে। মিলাদ মাহফিল ও খিচুরি বিতরনের মধ্য দিয়ে এভাবে অনেক বছর পরেই দিবসটি পালন করলো বিএনপি। এতোদিন বিএনপি যেকোনো অনুষ্ঠানেই সরকারী দল এবং পুলিশ বাধা দিতো। কিন্তু এবার দেখা গেলো ভিন্ন চিত্র।
গতকালের অনুষ্ঠানে অন্তত নারায়ণগঞ্জের কোথাও বাধা দেয়া হয়নি। ফলে বিএনপির নেতাকর্মীরাতো বটেই সাধারন মানুষও এবারের অনুষ্ঠানে শামিল হয়েছেন। তাই আগামী বছর দেশে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বলে অনেকে আশাবাদ ব্যাক্ত করছেন।
এদিকে বিগত প্রায় পনেরো বছর ধরে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাহিরে রয়েছে।
এই পনেরো বছরে দেশে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় নাই। বিএনপির অভিযোগ এই সময়ে তাদের দলের বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে জনগণের ভোটের অধিকার। সঙ্গে সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে। কিন্তু দিনে দিনে দেশে বিদেশে সরকারের এই ধরনের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে। এছাড়া গণমাধ্যম সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে বাংলাদেশে সংবাদপত্র এবং সুশীল সমাজের কোনো স্বাধীনতা নেই এবং বিশ্বের বড় সব মানবাধিকার সংগঠনগুলি বলছে বাংলাদেশে মানবাধিকারের প্রবল ঘাটতি রয়েছে।
এছাড়া দেশের ভেতর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের টানা সমালোচনা করে এসেছে। তাই দেশী বিদেশী চাঁপে পরে সরকারী বাহিনীগুলি অনেকটাই সহনশীল আচরন করছে বলে ধারনা করা হচ্ছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে পরিস্থিতি আরো ঘুরে যাবে বলেই অনেকে মনে করেন। তবে সরকার যদি এবারও আগের মতোই কোনো একতরফা নির্বাচন করতে চায় তাহলে দেশে যে আন্দোলন দানা বেধে উঠবে এতে কারোই কোনো সন্দেহ নেই।
কারন সচেতন মহল মনে করেন সরকার দেশে বিগত তেরো বছরে ব্যাপক উন্নয়ন করেছে এটা যেমন সত্য তেমনি দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিলো না এটাও সত্য। তাই অধিকার বঞ্চিত মানুষ আগামী নির্বাচন একতরফা হতে দেবে না বলেই অনেকের ধারণা। ফলে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া একেবারে স্পষ্ট।এমই/জেসি


