সাকির ওপর হামলার প্রতিবাদে না.গঞ্জে মশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুন ২০২২, ১১:৩৩ পিএম
চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেছে জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ জুন) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন বলেন, এখন থেকে বাংলাদেশের যে কোন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলেই আমরা ধরে নেব এই হামলার সাথে ছাত্রলীগ জড়িত। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলার বিচার চাই। তিনি আরও বলেন, জোনায়েদ সাকির ওপর হামলা হবে আর আমরা ঘরে বসে থাকব তা হবে না। আমরা প্রতিবাদ করবই। এই ফ্যাসিজম ও মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসায়কে আমরা মেনে নেব না। আপনি নির্বাচিত প্রতিনিধি নন।
বক্তারা বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিএম ডিপো পরিদর্শনে যান গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের নেতারা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত ব্যক্তিদের দেখতে যান তাঁরা। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে দুই দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। সরকারি দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান স্বাধীনতার স্লোগান। অথচ এ স্লোগানকে ভীতিকর স্লোগান হিসেবে রূপান্তরিত করেছেন সরকারি দলের নেতা-কর্মীরা। হামলা দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। সরকার সাধারণ মানুষকে ভয়ংকর নাভিশ্বাসের দিকে ঠেলে দিয়েছেন। যাঁরা হামলা করছেন, তাঁরা কখনো জনগণের পক্ষের শক্তি হতে পারেন না। ক্ষমতার মসনদে বসে মুরগি খাবেন আর জনতা না খেয়ে মরবে, এটা হতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জের এই আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। এই আগুন ক্ষমতার মসনদকে তছনছ করে দেবে।
প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারী সংহতি আন্দোলনের সদস্যসচিব পপি রানী সরকার, যুব অধিকার পরিষদের জেলার আহ্বায়ক প্রকৌশলী নাহিদ হোসেন, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জেলা কমিটির সভাপতি আরিয়ান রিপন, মহানগরের সাধারণ সম্পাদক নুরুল হাসান, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ইলিয়াস জামান, সাবেক সভাপতি শুভ দেব প্রমুখ।এমই/জেসি


