২৫ বছর অপেক্ষা করছি পদ্মাসেতুর জন্য : সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:৪১ পিএম
# পদ্মা সেতু তৈরি একটা সাহসিকতা
# মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজ আমরা সফল
বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে উচ্ছাসিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রতিক্রিয়ায় সেলিম ওসমান যুগের চিন্তাকে বলেন, আমি একজন কৃষক। আমি স্বপ্ন দেখছি পদ্মা সেতু হওয়ার কারণে আমি আমার পণ্যের মূল্য পাবো। একজন সাংসদ হিসেবে বলছিনা, একজন কৃষক হিসেবে বলছি। আমি ২৫ বছর অপেক্ষা করেছি এই পদ্মা সেতুর জন্য। আমি খুলনায় একটি ফার্ম হাউজ বানিয়েছি। এতোদিন আমি আমার ফসলের মূল্য পাইনি। আমি আশাবাদী আমি আমার ফসলের মূল্য এখন পাবো।
সেলিম ওসমান আরো বলেন, আমার সেক্টর নীটওয়্যারের জন্য এই পদ্মা সেতু আশীবার্দ। দক্ষিণাঞ্চলের পোর্টগুলো পুরোদমে চালু হয়ে গেলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হবে। চট্টগ্রাম ও মংলায় দুর্ঘটনা, কন্টেইনার জটসহ যেসকল সমস্যা আছে সেগুলো কমে যাবে।
সেলিম ওসমান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমি বলতে চাই পদ্মা সেতু তৈরির মূল উপাদান সাহস। আমি ৭ মার্চের ভাষণে শুনেছিলাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যখন বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন, সেলিম তোমরা ব্যবসায়ীরা এক হও। আমরা নিজেরাই পদ্মা সেতু বানাবো। আমাকে ৭ মার্চের ভাষণ যেভাবে হতবাক করেছিল, একই সুরের কথা পদ্মা সেতু আমরা নিজেরাই করবো এই কথাতেও আমি অবাক হয়েছিলাম। পদ্মা সেতু তৈরি একটা সাহসিকতা। পদ্মা সেতু হওয়াকালীন সময়ে এবং পরে যারা কটূ মন্তব্য করেন তাদের অনুধাবন করা উচিত। একজন নেত্রী একজন প্রধানমন্ত্রী যিনি পদ্মা সেতুর কারণে সারা বিশ্বে আজ নন্দিত। আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজ আমরা সফল। ভবিষ্যত প্রজন্মের জন্য পদ্মা সেতু একটা উদাহরণ হয়ে থাকবে, এর সুফল তারা সকলেই ভোগ করবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই।
সেলিম ওসমান বলেন, ইতোমধ্যে মংলা বন্দর প্রস্তুত। সেতুটি উদ্বোধন হলে আমরা মংলা বন্দর ব্যবহার করে রপ্তানি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে। বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হবে। আমরা এমন একজন প্রধানমন্ত্রীর সাথে আছি যিনি ইতোমধ্যে বিশ্ব নন্দিত হয়েছেন। তিনি সমুদ্র জয় করেছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশকে ডিজিটালাইজেশন করেছেন। আজকে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের দোয়া পাবেন এবং আল্লাহ তাকে সুস্থ্য এবং দান করবেন বলেন আশা রাখি। আমাদের ভবিষ্যত প্রজন্ম নিজের পায়ে মাথা উচু করে দাড়াতে পারবেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পেরে হিসেবে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের প্রতিটি মানুষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করা প্রয়োজন বলে আমি মনে করি।এমই/জেসি


