Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিনের সাক্ষাৎকার নিয়ে সরগরম রাজনৈতিক মহল

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম

গিয়াসউদ্দিনের সাক্ষাৎকার নিয়ে সরগরম রাজনৈতিক মহল
Swapno

 

# ফতুল্লাবাসীর সমর্থন পেয়েছে তার বক্তব্য

 

‘আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ইলেক্টেড (নির্বাচিত) নন, সিলেক্টেড (মনোনীত) এমপি। সে জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই তার নির্বাচিত এলাকার জনগণের কাছে তার কোন দায়বদ্ধতা নেই।’ গত ১৪ আগষ্ট ‘যুগের চিন্তা’ পত্রিকায় বিএনপি নেতা ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ এমপি শামীম ওসমান সম্পর্কে এসব কথা বলেছেন।

 

তার এ বক্তব্য শহরের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক আড্ডায় গিয়াসউদ্দিনের এ সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।


গিয়াসউদ্দিন আরও বলেছেন, যেহেতু জনগণের কাছে শামীম ওসমানের কোন দায়বদ্ধতা নেই, তাই মুক্তপুরুষ হিসেবে তিনি তার ইচ্ছামতো কাজ করছেন। জনগণ চায়, সুষ্ঠু ধারার রাজনীতি ও ভাল মানুষের নেতৃত্ব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতা নির্বাচন করতে। গণতান্ত্রিক ধারায় নির্বাচিত ব্যক্তির মাধ্যমেই তারা এলাকার সার্বিক সমস্যার সমাধান চায়। যেহেতু এলাকার বর্তমান সাংসদ জনগণের দ্বারা নির্বাচিত নন, তাই এলাকার সার্বিক উন্নয়নের বিষয়টি তার কাছে গুরুত্ব বহন করে না।


তিনি বলেছেন, ২০০১ সালের যে নির্বাচনে শামীম ওসমান তার কাছে পরাজিত হয়েছিল, সেটি ছিল জনগণের ভোটে নির্বাচন। পরবর্তী নির্বাচন (২০০৮) শামীম ওসমান করতে পারেনি। সে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে চিত্রনায়িকা সারাহ বেগম কবরী জয়ী হন। এরপরে দুটি নির্বাচনের নামে যে প্রহসন হলো, সে নির্বাচনে সে তো জনগণের ভোটে নির্বাচিত নয়।

 

এ কারণেই সে ইলেক্টেড নয়, সিলেক্টেড। তার এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেননি। তিনি যে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের কথা বলেন, তা আমি যেমন দেখি না, জনগণও তা দেখে না।


আগামী নির্বাচন সম্পর্কে গিয়াসউদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী যদি শামীম ওসমান হয়, তবে বিএনপির মনোনয়ন পেলে তিনি সহজেই জিতবেন। এদিকে, মুহাম্মদ গিয়াসউদ্দিনের এ সাক্ষাৎকার নিয়ে গতকাল ডিক্রিরচর খেয়াঘাটে খেয়ানৌকায় আলাপকালে কাশীপুর, কুড়েরপার ও ডিক্রির চরের যাত্রীরা বলেন, গিয়াসউদ্দিন যা বলেছেন তা শতভাগ সত্যি।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন