‘এখনকার মতো এত মুখোশ পড়া চামচামির লোক দেখি নাই’-শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৩:১৫ পিএম
# আগে খুনি মোশতাক মীরজাফর ছিল; এখনো কিছু থাকবে
# মীরজাফর, শকুনরা একতাবদ্ধ হয়ে চামচামিতে বেশি ওস্তাদ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান দলীয় কোন্দল প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সভা সমাবেশে যে ভাবে বক্তব্য দিয়ে গরম করি মনে হয় দুনিয়া জয় করে ফেলছি। আমরা দল করছি নাকি দলে কোন্দল করছি তা আমাদের বুঝতে হবে। দলে পদ পাওয়ার আগে জান প্রান দিয়ে নিজেকে উজার করে ফেলি। পদ পাওয়ার পরে নিজেকে গুটিয়ে নেন।’
‘আমার মনে হয় নারায়ণগঞ্জে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশি হচ্ছে। কিছু লোক বড় বড় পদ মাতিয়ে এনজয় করছেন; করেন। কিন্তু দলটাতো করবেন। পদ নিয়ে যারা এনজয় করেন দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের বাহবা দেয়ার কিছু নাই।’ বুধবার (১৭ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি শামীম ওসমান জেলা মহানগর আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন, ‘জেলা, মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে বলতে চাই সামনে সময় খুব ভালো না। আমার কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, প্রয়োজনে আমাকে দল থেকে বের করে দিন। তার পরেও দলের অভ্যন্তরীণ কোন্দল শেষ করুন। মীরজাফর, শকুনরা একতাবদ্ধ হয়ে চামচামিতে বেশি ওস্তাদ। আগে খুনি মোশতাক মীরজাফর ছিল; এখনো কিছু থাকবে।’
‘এলাকায় এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে যে কোন্দল আছে তার নিরসন করুন। দলকে সুশৃঙ্খল করুন। আজ সবাই মিলে দল করলে হয়ত নেত্রীকে বলতে পারতাম পচাত্তরের মত কিছু হলে, আমরা কিছু করতে পারব। ঈমানের সাথে রাজনীতি করেছি; এখনকার মত এত মুখোশ পড়া চামচামির লোক দেখি নাই। আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’
শামীম ওসমান বলেন, ‘শোক দিবসের আলোচনা সভায় জাতির পিতার কন্যা কিছু কষ্টের বহিঃপ্রকাশ করেছেন। বলছেন, এত বড় আওয়ামীলীগ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন কেউ প্রতিবাদ করল না কেন। বঙ্গবন্ধুর লাশ সেখানে পড়ে বইল। আমার পিতার লাশ কেউ ধরতে আসেনি। রিলিফের কাপড় দিয়ে বঙ্গবন্ধুকে কবরে শায়িত করা হয়। তিনি তার মৃত্যুর পরও কিছু হবে বলে তিনি আশা করেন না।’
শামীম ওসমান বলেন আমার প্রশ্ন, ‘বঙ্গবন্ধু কন্যার এই আক্ষেপ, আমরা আসলে করছি কী। বক্তব্য দিচ্ছি সবাই যেন আমরা পৃথিবী জয় করে ফেলছি। আমরা আজ কী করছি স্মরণ সভা, শোক সভা, খাওয়া দাওয়ার আয়োজন। যদি নেত্রীর ওপর আঘাত আসে এগুলো থাকবে তো। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছি; না পদ পদবি বাগিয়ে নিচ্ছি; এটা আমাদের উপলব্ধি করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সজাগ থাকতে হবে।’ এন.এইচ/জেসি


