কোন্দলে আটকে আছে ফতুল্লা’র ইউনিয়ন আ’লীগ কমিটি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৮:৫৫ পিএম
# নেতা ঘরে ঘরে, শৃঙ্খলা নেই
আওয়ামী লীগ ক্ষমতায় আছে এক যুগের বেশি সময় ধরে। ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সভায় বক্তৃতায় বলে থাকেন তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি থাকলে দলও শক্ত অবস্থানে থাকবে। কিন্তু অভিযোগ রয়েছে এই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে বেশি নড়বড়ে।
তার মাঝে নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকায় থানা ইউনিয়নে ক্ষমতাসীন দলের কমিটি না থাকায় দলের অবস্থা নড়েবড়ে হয়ে আছে। সেই সাথে ফতুল্লা থানাদীন ৫টি ইউনিয়নের মাঝে ৪টিতে কমিটি নেই ২০ বছর যাবৎ। কমিটি না থাকার পিছনে মূল কারন হিসেবে রাজনৈতিক বোদ্ধ মহল মনে করেন দলীয় কোন্দলের কারনেই দীর্ঘ দিন যাবৎ কমিটি হচ্ছে না।
এদিকে গত কয়েকটি সভায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান জেলা মহানগর আওয়ামীলীগের নেতাদের দলীয় কোন্দল নিরসনের আহবান জানান। সেই সাথে তিনি ত্যাগি নেতাদের মূল্যায়নের কথা জানান। পাশা পাশি আগামী নির্বাচন পর্যন্ত যাতে দলের মাঝে কোন কোন্দল না থাকে সেই অনুরোধ জানান নেতা কর্মীদের প্রতি। তবে তার এই কথা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কায় আছে খোদ দলীয় নেতা কর্মীরা।
খোঁজ নিয়ে জানাযায়, ফতুল্লা থানার এনায়েত নগর, ফতুল্লা, কুতুবপুর, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের একেবারেই নড়বড়ে অবস্থায় আছে বলে জানান দলীয় নেতৃবৃন্দ। এখানে দীর্ঘ দিন কমিটি না থাকায় নতুন নেতৃত্ব তৈরী হচ্ছে না। পুরাতন কমিটির অনেকেই জীবিত নেই। আর এই নতুন নেতৃত্ব তৈরী না হওয়ার পিছনে মূল কারন কমিটি না থাকা। দলীয় কোন্দলনের কারনে কমিটি গুলো আটকে আছে বলে দাবী করেন তৃনমূল নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকা গুলোর মাঝে ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে কমিটি নেই। তার মাঝে সদর উপজেলার ইউনিয়ন গুলোতে দীর্ঘ ১৮ বছর যাবৎ সম্মেলন নেই। আর এতে করে অনেক এলাকার ইউনিয়ন আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে কোনরকম নামকাওয়াস্তে দলীয় কর্মসূচি পালন হয়। আবার কোন জায়গায় দলীয় কর্মসূচি পালনও হয়না।
তবে গত কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী এনায়েতনগর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলো দ্রুত করার নির্দেশনা প্রদান করেন। তার এই কথায় এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি প্রার্থীরা আশার আলো দেখছেন।যদি দ্রুত সময়ে কমিটি না হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলকে এর জন্য পস্তাতে হতে পারে।এসএম/জেসি


