নেত্রীকে নিয়ে কটুক্তি করলে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো : কায়সার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৭:২৯ পিএম
# বিএনপি নেতৃত্বশূন্য, দিশেহারা এবং বিশৃঙ্খল দল - আবদুল্লাহ আল কায়সার হাসনাত
বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, ‘নেত্রীর বিরুদ্ধে যদি কোনো বিএনপির নেতা মাথা উচু করে বক্তব্য দেয় তাদেরকে এ সোনারগাঁয়ের মাটিতে আর থাকতে দেওয়া হবে না।
আর যদি কেউ কটুক্তি করে এ সোনারগাঁয়ের মাটিতে যতদিন আওয়ামীলীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা আছে সেটা কখনো হতে দিবে না। প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না। যদি কেউ আমার নেত্রীকে নিয়ে কটুক্তি করে, তবে তার জিভ টেনে ছেঁড়া হবে।’
২১ আগষ্ট মোগড়াপাড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কড়া হুশিয়ারি উচ্চারণ করেন। একুশে আগষ্টে প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সোনারগাঁ আওয়ামীলীগ।
তিনি বলেন, ‘আমরা সোনারগাঁবাসী শান্তিপ্রিয় মানুষ। সোনারগাঁ’র মানুষ শান্তিতে থাকতে চায়। সোনারগাঁয়ের মানুষ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। আজকে বিএনপি হুমকি দেয় রাজপথে নামবে, নেতা নেত্রীর ঠিক নাই তারা আবার রাজপথে নামবে। তারা জনগনকে আবারও ভুল পথে পরিচালিত করে বোমা হামলা ও আগুন সন্ত্রাস করে তারা আবার রাজপথে নামার চেষ্টা করছে।’
‘বিএনপি যতো হুমকি ধামকি দেক; রাজপথে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে’ মন্তব্য করে সাবেক এ সাংসদ বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কিভাবে করতে হয় ও কিভাবে ঠেকাতে হয়। বিএনপির অনেকে বলে আওয়ামী লীগ বিক্ষোভ করে কেনো? বলতে চাই, আওয়ামী লীগ বিক্ষোভ করে না; আওয়ামীলীগ আপনাদের মতো সন্ত্রাসীদের হাত থেকে জনগনের জান মালের হেফাজত করতে তাদের পাশে থাকে।’
ভবিষৎতে যদি বিএনপি বিক্ষোভ করার চেষ্টা করে এ সোনারগাঁ আওয়ামীলীগসহ সকল মুক্তিযোদ্ধার সন্তানেরা সভানেত্রীর নির্দেশে এ সন্ত্রাস বাহীনীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিরোধী দলের নেতাকর্মীদের ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা বলেন সময় এসে গেছে পালানোর।
‘আপনাদের নেতা তো নিজেই পালিয়ে আছে লন্ডনে। আমরা দেশে থেকে জান ও রক্ত দিয়ে জনগণকে হেফাজত করার জন্য নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। আওয়ামলীগ কিন্তু নেতা-কর্মীদের পাশে পায়।’
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত আরো বলেন, ‘বিএনপি নেতৃত্বশূন্য তারা দিশেহারা; তারা কার নেতৃত্বে চলবে এ সিদ্বান্তটাই জনগণকে জানাতে পারে নাই। কারণ তাদের মধ্যে বিশৃঙ্খলা ও ক্ষমতায় আসার লোভ; সেটা কিন্তু জনগণ মেনে নিবে না।’ এন.এইচ/জেসি


