প্রভুর ইন্ধনে বিভেদের কারিগর খোকন সাহা -মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৮:৫৭ পিএম
‘২০০৪ সালে ২১ আগস্ট আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারেক জিয়ার নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হলো। সেই দিন আনোয়ার সাহেব, আরাফাতসহ, আমরা সকলেই এখানে (পার্টি অফিসে) এসে মিলিত হয়ে ছিলাম। সকল ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে পড়লো। আনোয়ার কাকার নেতৃত্বে একবারতো মিছিল হয়ে গেলো। আবারও সকলেই গেলো, খোকন সাহাও সেদিন আমাদের সাথে ছিলেন। কারণ তখন তার প্রভু দেশে ছিলো না। এ জন্য তিনি এখানে ছিলেন।’
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শ্রমিক লীগের আয়োজিত এক সভায় মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী। আইভী বলেন,‘আমার সহযোগীতায় উনি (খোকন সাহা) শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে ছিলেন। আনোয়ার কাকার নির্দেশে তাঁর জন্য কাজ করেছি; আনোয়ার কাকা পছন্দ করে ছিল খোকন সাহাকে।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০০৮ সাল পর্যন্ত সে কোন বিভেদ তৈরি করে নাই। এমন কি যাদুর কাঠি আসলো, ২০০৯ সাল থেকে উনি বিভেদ তৈরি করার চেষ্টা শুরু করে দিলেন। শহর এত সুন্দর ছিল; আমরা যৌথভাবে সকলে মিলে দলের কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের অফিস জমজমাট থাকতো। নেত্রী যখন গ্রেপ্তার হলো, নারায়ণগঞ্জ পৌরসভা থেকে বিশাল বড় মিছিল করেছি। তখন তো সকলেই আসছে। সকলে মিলে এই পার্টি অফিস থেকে আমরা কর্মকাণ্ড চালিয়েছি।’
দলের বিভেদ নিয়ে আইভী বলেন, ‘এখন কারা এই কাজ গুলো করছে। কেন করছে, কাদের স্বার্থে? আওয়ামী লীগ যতদিন ক্ষমতায়, কাদের পকেট সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কাদের দেশে বিদেশে অবস্থান সুদৃঢ় হয়েছে, বাড়ি-ঘর-ব্যবসা কাদের? খুঁজে দেখেন। এই যে কর্মীরা, যারা আওয়ামী লীগকে প্রচণ্ডভাবে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে; তারাই কিন্তু দেশে থেকেছে, তারাই কিন্তু বারবার জাতির পিতার কন্যার জন্য জান-প্রাণ দিতে প্রস্তুত থাকে। তারাই কিন্তু দলের বিভিন্ন দুঃসময়ে পাশে দাঁড়ায়।’
জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। আরও উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ প্রমুখ। এন.এইচ/জেসি


