বদরুদ্দোজা এবং অলির নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে: আবদুর রহমান
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ পিএম
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, ‘এদেশে এ পর্যন্ত যতগুলো সুষ্ঠ-অবাধ নির্বাচন হয়েছে বিএনপি কোন নির্বাচনেই ক্ষমতায় আসতে পারে নাই। জিয়াউর রহমান সায়েমের বুকে পাড়া দিয়ে পিস্তুল ধরে ক্ষমতা গ্রহণ করে ‘হ্যা’-‘না’ ভোট করেছিল।
১৯৯১ সালে এরশাদের পতনের পর একটা লোক কি ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসবে। সেদিন দেশী-বিদেশী নানা মহলের সহযোগিতায় স্থূলকারচুপি করে তারা ক্ষমতায় এসেছিল। ২০০১ সালের ভারতের কাছে গ্যাস রপ্তানীর মুচলেকা দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। তাই অবাধ-সুষ্ঠ নির্বাচনে বিএনপি আসতে চায় না।’
মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি যখন শুনি বিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের নেত্রী শেখ হাসিনা একজন সৎ প্রধানমন্ত্রী।
বারাক ওবামা যখন কেনিয়া গিয়ে বলেন, ‘তোমরা তোমাদের দেশের উন্নয়ন করতে চাও তাহলে বাংলাদেশের দিকে তাকাও। শেখ হাসিনার মতো নেতৃত্ব তোমরা জোগাড় করতে হবে।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলকে আগামী নির্বাচনে অংশ নিতে বলেছেন, আহবান জানিয়েছেন; সুষ্ঠ-অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে।’
‘কিন্তু বিএনপি বলছেন নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না। নির্বাচন ভন্ডুল করার জন্য ইতিমধ্যেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, বিএনপির নেতারও ঠিক নেই; ভোটারেরও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতে দন্ডপ্রাপ্ত আসামি।’
‘অপরদিকে তারেক মানিলন্ডারিং মামলার আসামি; ইতিমধ্যে বিএনপির দুইটি ইউকেট পড়ে গেছে। সাবেক বিএনপির নেতা বদরুদ্দোজা চৌধুরী এবং অলি আহামেদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আর জামাত ওদেরকে তালাক দিয়েছে। জামাত তাদের সঙ্গে একমোর্চায় আর আন্দোলনে থাকবে না।’
এ সময় উদ্বোধনীয় বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগ মাঠে আছে বিদায় ওই সুশীলদের গায়ে জ্বালাপোড়া করে। ওই জামাত-শিবিরের গায়ে জ্বালাপোড়া করে। বিএনপির গায়ে জ্বালাপোড়া করে। কারণ ছাত্রলীগ মাঠে থাকলে তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পারে না। তারা দেশ বিরোধী চক্রান্ত চালাতে পারে না।’
আমাদের মনে রাখতে হবে আমাদের কোন কর্মকান্ডে যেন আমাদের জননেত্রী শেখ হাসিনা কষ্ট না পায়। আজকে ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হয়। থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-২, আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য, বাংলাদেশ আওয়ালীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ আরও অনেকে।
এ সময় আল-নহিয়ান খান জয় আরও বলেন, ‘অছাত্রদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বাসায় বসে বউ বাচ্চা নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করেছে শিক্ষাপ্রতিষ্ঠানে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম করা যায়। কিভাবে বিশৃঙ্খলা করা যায়। সন্ত্রাসী কার্যক্রম করছে অছাত্রদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।’
‘বিএনপি বিভিন্ন জেলায় যে নৈরাজ্য চালিয়েছে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। জননেত্রী শেখ হাসিনা কখনো কোন অন্যায়কে প্রশয় দেয়নি। তিনি আপোষহীনভাবে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।’
সকল থেকেই মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থীরা সভাস্থলে আসতে থাকেন। এক পর্যায়ে সভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। এন.এইচ/জেসি


