সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় বিএনপির ২২ নেতার আগাম জামিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ পিএম
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মহানগর বিএনপির ২২ নেতা। ৭ সেপ্টেম্বর দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করলে শুনানী শেষে এ আদেশ দেন। বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মার ই য়াম খন্দকার ও অ্যাডভোকেট মো. নুরুল হুদা।
জামিন প্রাপ্তরা হলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহেমেদসহ ২২ জন। গত বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশের সদস্য ও যুবদলের শাওন প্রধান নিহতসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, মনিরুল ইসলাম রবি, মামুন মাহমুদ, সাখাওয়াত হোসেন খান, আতাউর রহমান মুকুল, আব্দুস সবুর খান সেন্টু, অ্যাড. জাকির হোসেন, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আজহারুল ইসলাম মান্নান, জাহিদ হাসান রোজেল ও মশিউর রহমান রনিসহ ৭১ জনের নাম উল্লেখসহ মোট ৫ হাজার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।


