Logo
Logo
×

রাজনীতি

আবারও ঘুরে দাঁড়াচ্ছে রূপগঞ্জ বিএনপি

Icon

 লতিফ রানা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১ পিএম

আবারও ঘুরে দাঁড়াচ্ছে রূপগঞ্জ বিএনপি
Swapno


# সবাই মিলে কাজ করা এখন সম্ভব : দিপু

# সম্মেলন শেষ, অনুমোদনের পর ঘোষণা করা হবে : আহ্বায়ক


দীর্ঘ ১৬ বছর যাবত ক্ষমতার বাইরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে তত্ত্ববধায়ক সরকরের দুই বছর এবং এরপর বাংলাদেশ আওয়ামী লীগ তিন বারে প্রায় সাড়ে ১৩ বছর যাবত ক্ষমতায় আছে। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবরণ ও অসুস্থতা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকায় দলটি অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে।

 

 

হুসেইন মুহাম্মদ এরশাদের (প্রয়াত) দীর্ঘ নয় বছর শাসনামল শেষে ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন নতুন করে ঘুরে দাঁড়ায় তারপর থেকেই নারায়ণগঞ্জ বিএনপির একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়ায় রূপগঞ্জ বিএনপি। জেলা বিএনপির অন্যতম ঘাটি হিসেবে স্থান পায় রূপগঞ্জ।

 

 

সে সময় বিএনপির মন্ত্রীসভার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী (প্রয়াত) ছিলেন রূপগঞ্জ উপজেলার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতি ও যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও পালন করেছেন।

 

 

এরপর রূপগঞ্জ থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে বিআরটিসির চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিযুক্ত হন এডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে তিনি জেলা কমিটির সভাপতিসহ কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

 

এরই মধ্যে কেন্দ্রীয় যুবদলের সহ অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন রূপগঞ্জের আরেক বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। তবে বেশ কয়েক বছর যাবত ক্ষমতার বাইরে থেকে অনেকটা ছন্ন ছাড়া হয়ে পড়ে বিএনপি। সারা দেশের মতো নারায়ণগঞ্জ বিএনপির উপরও এর প্রভাব পড়ে।

 

 

তবে চলতি বছরের শুরু থেকে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করে দলটি। কেন্দ্র ও নারায়ণগঞ্জ বিএনপির সাথে তাল মিলিয়ে রূপগঞ্জ বিএনপিও অনেকটা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

 



এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, রূপগঞ্জ বিএনপি বর্তমানে বেশ ভালই শক্তিশালী। মোটামুটি প্রায় সব কমিটিই হয়ে গেছে। রূপগঞ্জ বিএনপি এখন এক প্লাটফর্মেই আছে, এখন আর কোন বিভেদ নাই। রূপগঞ্জ বিএনপি এখন সব চাইতে শক্তিশালী।

 

 

নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি অনেক পরে। সেই পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে দল যাবে, না হয় যাবে না। দল যদি নির্বাচনে যায়, তাহলে দল যাকে প্রার্থী দিবে তাকেই সবাই মিলে সমর্থন দিবে। তারপক্ষে সবাই মিলে কাজ করা এখন সম্ভব।

 


 
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও কাঞ্চন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মফিকুল ইসলাম বলেন, আমাদের রূপগঞ্জ বিএনপি বর্তমানে খুবই চাঙ্গা অবস্থায় আছে, এখন অনেকটাই শক্তিশালী। এবারের কাউন্সিলের বিষয়ে তিনি বলেন, আমাদের এখানে নতুন নেতৃত্বে যারা আসবেন তারা সবাই অভিজ্ঞ এবং দলের জন্য নিবেদিত প্রাণ হবেন বলে এখানকার তৃণমূলের আকাঙ্খা।

 

 

দলের দুঃসময়ে যারা পাশে ছিল, সামনের আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিবেন এমন নেতাদেরই নতুন কমিটিতে অবস্থান হবে তিনি মনে করেন। তিনি বলেন, আমাদের এখানে দলীয় যেকোন শান্তিপূর্ণ কর্মসূচীতেও আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দ্বারা হামলা ও মামলার শিকার হই।

 

 

এরই মধ্যে আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা, যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তবে আমরা এসব বাধা পেরিয়ে আমাদের কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।


 
রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আমাদের রূপগঞ্জ বিএনপির বর্তমান অবস্থান খুবই ভাল। সব ধরণের বড় দলেই সামান্য বিভেদ থাকে, সে হিসেবে আমাদের মধেও থাকতে পারে। তবে দলীয় কার্যক্রমে আমরা সবাই একতাবদ্ধ আছি।

 

 

আমরা গত দুই তারিখে আমাদের কাউন্সিল শেষ করেছি। আমাদের এই কমিটির তালিকা কেন্দ্রে জমা দিয়েছি, কেন্দ্র থেকে তা অনুমোদন হওয়ার পর প্রকাশ করা হবে। আমাদের দলীয় বিভিন্ন কার্যক্রমে এখন উল্লেখযোগ্য পরিমান নেতাকর্মী উপস্থিত থাকে।

 

 

আমরা যেকোন দলীয় কর্মসূচী পালনের জন্য প্রস্তুত আছি। এমনকি যদি জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে তাহলে আমাদের দলীয় প্রার্থী দিতেও কোন প্রকার সমস্যা হবে না। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন