নারায়ণগঞ্জে বলয়ের রাজনীতি এবং রাজনৈতিক বলয়
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পিএম
# আলেয়া আর নাচবে না
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি দুটি রাজনৈতিক দলই একাধিক বলয়ে বিভক্ত। বিএনপিতে বলয়ের সংখ্যা বেশী হলেও বলয়গুলো ব্যাক্তিকেন্দ্রিক ও ছোট ছোট। পক্ষান্তরে আওয়ামী লীগ মাত্র দুটি বলয়ে বিভক্ত হলেও তা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক নয়, এলাকাকেন্দ্রিকও বটে।
যেমন একযুগ ধরে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ রাজনীতি এমপি শামীম ওসমান ও মেয়র আইভী বলয়ে বিভক্ত হয়ে আবর্তিত হচ্ছে। একই সঙ্গে শামীম ওসমান বলয় উত্তর (চাষাঢ়া) বলয় এবং আইভী বলয় দক্ষিণ (দেওভোগ) বলয় নামেও পরিচিত।
বিগত এক যুগের উত্থান পতনের রাজনীতিতে আইভী একক অবস্থান থেকে নিজের একটি বলয় প্রতিষ্ঠা করতে সমর্থ হন। এ সময়টিকে আইভীর উত্থানের যুগ বলেও চিহ্নিত করা যায়। এ সময়ে আইভী তিন তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
বিপরীত দিকে, বিগত এক যুগ ছিল শামীম ওসমানের পশ্চাদ অপসরণের যুগ। এ সময় তিনি একবার প্রত্যক্ষ ও দু’বার পরোক্ষ ভাবে আইভীর কাছে পরাজিত হন। রাজনৈতিক মহলের মতে, গত এক যুগ পিছাতে পিছাতে শামীম ওসমান খাদের কিনারায় চলে গিয়েছিলেন।
এ সময় তিনি শুধু রাজনৈতিক গুরুত্ব হারাননি, তার পাশ থেকে তার আস্থাভাজন সহযোগী এবং বশংবদ চেলা চামুন্ডাদেরও ছেটে দিয়ে তার বিধ্বংসী ক্ষমতাও কমিয়ে দেয়া হয়েছিল। বিগত ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত যে শামীম ওসমানকে শহরবাসী দেখেছিল, যার অঙ্গুলি হেলনে এ শহরে বাঘ-মোষ এক ঘাটে পানি খেতো, সে সময়ে যার ভয়ে এ শহর থেকে বিরোধী দলীয় নেতারা সব পালিয়ে গিয়েছিল।
যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মঞ্চে বসিয়ে মাইকে গর্ব ভরে বলেছিলেন, ‘এ শহরে কাউকে বাড়ি হতে ধরে আনতে আমার পুলিশের প্রয়োজন নেই, এজন্য আমার ছাত্রলীগ কর্মীরাই যথেষ্ট।’ বিগত এক যুগ সে শামীম ওসমান হারিয়ে গিয়েছিলেন।
তবে, সম্প্রতি জেলা পরিষদে আইভী বলয়কে হটিয়ে দিয়ে শামীম ওসমানের একান্ত সহযোগী ও মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বাবু চন্দন শীলের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিকে শামীম ওসমানের প্রত্যাবর্তনের সূচনা হিসেবে দেখছে উত্তর বলয়। উৎফুল্ল শামীম বলয়ের ধারণা, অচিরেই আবার পূর্বাবস্থা ফিরে আসছে।
জেলা ও মহানগর কমিটি সহ ইতিপূর্বে বিলুপ্ত কমিটিগুলো আবার পুনর্গঠিত হবে। শামীম ওসমানের পদচ্যূত ডিপুটিরা আবার স্বপদে ফিরে আসবে। শামীম ওসমানও তার স্ব-মহিমা ফিরে পাবেন।
এ ব্যাপারে গতকাল ‘বোস কেবিনে’ আইভী বলয়ের দুজন নেতার সঙ্গে কথা হলে তারা বলে, ‘উতলা না হয়ে একটু সবুর করে দেখতে থাকুন। বাংলার পরাজিত নবাব সিরাজদৌল্লাও বলেছিল, ‘আবার মুর্শিদাবাদ ফিরে যাবো, আবার আলেয়া নাচবে।’ শৃঙ্খলিত অবস্থায় সিরাজদৌল্লা মুর্শিদাবাদ ফিরে গিয়েছিল ঠিকই. কিন্তু ইতিহাস স্বাক্ষী আলেয়া আর নাচেনি। এন.এইচ/জেসি


