নারায়ণগঞ্জ নিয়ে নেতিবাচক শব্দ আমরা প্রায়ই শুনে থাকি। অনেকে আবার এর জন্য মিডিয়াকেও দায়ী করে থাকেন। বলেন, নারায়ণগঞ্জে যত না ঘটনা ঘটে তার চেয়ে অনেক বেশি প্রচার করে এখানকার মিডিয়া। অনেকটা ‘যত গর্জে তত বর্ষায় না’র মতো বিষয়টা।
আর এই জন্যই এখানে যারা খারাপ ধারণা নিয়ে আসেন, এখানে আসার পর তাদের সে ধারণাটাও পাল্টে যায়। নারায়ণগঞ্জের বিষয়ে বিভিন্ন সাংসদসহ বড় বড় নেতাদেরও দাবি সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ সম্পর্কে একটি নেগেটিভ ধারণা আছে, কিন্তু এখানে আসার সাথে সাথেই তাদের সে ধারণা পাল্টে যায়। এবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, সেই একই কথা।
শনিবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধানসহ মুন্সিগঞ্জ, ভোলায় পুলিশের গুলিতে নিহত ও আহত হওয়া ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী বলেন, ‘আমি যখন নারায়ণগঞ্জ আসি তখন আমাকে বিএনপির নেতৃবৃন্দসহ অনেকেই বলেছেন নারায়ণগঞ্জে যাচ্ছেন, জায়গাটি খুব একটা ভাল না।
আপনি সেখানে যাচ্ছেন! আপনি সুস্থ না, আপনার পায়ে সমস্যা আছে অন্যান্য সমস্যা আছে। আমি বলেছি, নারায়ণগঞ্জ জায়গা ভাল, সেখানকার জনগণ অত্যন্ত ভাল। আমি যখন নারায়ণগঞ্জে প্রবেশ করি তখন আমি অনেক সম্মানিত হয়েছি। নারায়ণগঞ্জের লোক অত্যন্ত অতিথিপরায়ণ।’
তবে অন্যান্য জেলার মতো এখানেও দুষ্ট চক্রও থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু নারায়ণগঞ্জ নয়, প্রত্যেকটি জেলায়ই দুষ্ট চক্র থাকে। এরাই হচ্ছে শীতলক্ষ্যা নদীতে পেট কেটে ইট ডুকিয়ে মানুষ হত্যা করে। এরা ত্বকীর মতো নিষ্পাপ কিশোরকে হত্যা করতে দিধা করে না। এটার জন্য নারায়ণগঞ্জের জনগণ দায়ী নয়। এখানকার জনগণ দেশপ্রেমিক জনগণ, অতিথি পরায়ণ জনগণ।’
নারায়ণগঞ্জ’র বিষয়ে নেতিবাচক ধারণা নতুন কিছু নয়। বিভিন্ন সময় নারায়ণগঞ্জে আসা বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার ইউএনও থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তগণও তাদের বিদায় মুহুর্তে বলেন, ‘চাকরির সুবাধে নারায়ণগঞ্জ আসার আগে তাদের অনেকেই নারায়ণগঞ্জ সম্পর্কে একটি খারাপ ধারণা নিয়ে আসতেন, কিন্তু এখান থেকে যাওয়ার সময় তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয় বলে তারা স্বীকার করে যান।’
এর আগেও ২০১৫ সালে অনুষ্ঠিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে তৎকালীন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেছিলেন, ‘আগে নারায়ণগঞ্জ সম্পর্কে বাহিরের মানুষের খারাপ ধারণা ছিল। কিন্তু বর্তমানে সেটা পাল্টেছে। আমরা যেহেতু এই জেলায় চাকরী করি, সেহেতু নারায়ণগঞ্জের মানুষকে খারাপ বললে আমাদেরও খারাপ লাগে।’
গত বছর ফেব্রুয়ারিতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, ‘যদি নারায়ণগঞ্জের কথাই বলি, বিভিন্ন লোক বিভিন্ন ধরণের গালিগালাজ করেন, আজেবাজে কথা বলেন, মিথ্যাচার করেন, ভ্রান্তাচার করেন। আগে এসবে খারাপ লাগতো। আগে ভাবতাম, এতো মিথ্যা সহ্য করবো কেন? যেসব মিথ্যা মানুষের মনে খারাপ ধারণা তৈরি করছে সেসব মানতে হবে কেন? আগে রাগ হতো, এখন হয়না, এখন বরং হাসি পায়, দয়া হয়।’
তাছাড়া এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও বন্দর উপজেলার ইউএনওসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরও বলতে শুনা যায় নারায়ণগঞ্জ আসার আগে তারা এখানকার সম্পর্কে একটি খারাপ ধারণা নিয়ে আসলেও সেটা তাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। এখানে এসে তারা বুঝতে পেরেছেন আসলেই এখানকার লোকজন খুবই আন্তরিক। এন.এইচ/জেসি


