দুষ্টচক্ররাই ত্বকীর মতো শিশুকে হত্যা করতে দ্বিধা করেনা : রিজভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম
নারায়ণগঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুষ্টচক্র প্রতিটি জেলায় আছে। শুধু নারায়ণগঞ্জেই নয়। এরাই হচ্ছে শীতলক্ষ্যা নদীতে পেট কেটে ইট ঢুকিয়ে মানুষ হত্যা করে। এরা ত্বকীর মতো নিষ্পাপ শিশুকে হত্যা করতে দ্বিধা করেনা। এর জন্য তো নারায়ণগঞ্জের জনগণ দায়ী নয়, এই জনগণ, দেশপ্রেমীক জনগণ, অতিথি পরায়ণ জনগণ’।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া শহীদ মিনারে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সমাবেশে রিজভী বলেন, ‘যারা ভীতু, যারা অন্যায়কারী, তারা অন্যের মিছিলে হামলা করে। আমাদের কারো কাছে অস্ত্র নেই, আমরা কেউ কিছু নিয়ে আসিনি।
নারায়ণগঞ্জে শাওনকে মারলেন, মুন্সিগঞ্জে মারলেন, ভোলায় মারলেন, অন্যায় হচ্ছে। আপনি জাতিসংঘে গিয়ে রোহিঙ্গাদের জন্য কাঁদেন আর এখানে পাখির মতো গুলি করে মানুষ মারেন’। রিজভী বলেন, ‘শুধু ঢাকা না, নারায়ণগঞ্জেও গ্যাসের লাইন আছে, অধিকাংশ বাড়িতে চুলা জ্বলছেনা, রান্না হচ্ছেনা; নারায়ণগঞ্জে গ্যাস নাই।
অধিকাংশ শিল্প কারখানা এখন মৃত নয়, মৃতের পর্যায়ে চলে গেছে। আর এর প্রতিবার করতে গিয়েই বিএনপি কর্মসূচী পালন করছে। এটাতো জনগণের কর্মসূচী, সাধারণ মানুষের কর্মসূচী। অথচ এই কর্মসূচীতেই গুলি চালানো হচ্ছে। আপনা এতো বেহায়া যে, আপনারা দিনের ভোট রাতে করেন। টিকে থাকার জন্য বন্দুকের নল ব্যবহার করেন; কিন্তু বন্দুকের নল ঘুরে যেতে পারে।
এ সময় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান দিপু ভূঁইয়া, আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইফসুফ খান টিপু প্রমুখ।এন.এইচ/জেসি


