Logo
Logo
×

রাজনীতি

আল্টিমেটামকে পাত্তা দিচ্ছেনা বিদ্রোহীরা

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

আল্টিমেটামকে পাত্তা দিচ্ছেনা বিদ্রোহীরা
Swapno


# কেন্দ্রের সাথে পরামর্শ করেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: আহবায়ক  

 

নারায়ণগঞ্জে বিএনপির নেতৃবৃন্দকে চাঙা করার প্রক্রিয়া হিসেবে গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুকে সদস্যসচিব করে ৪১ সদস্যের মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

 

 

 

 

সেই কমিটি প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয়তা শুরু হয়। সেই দিনই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং সাবেক এমপি (বিএনপি মনোনীত) এডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা।

 

 

 

 

এরপর একই পদ থেতে পদত্যাগের ঘোষণা দেন কমিটির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল। একই সাথে আরও পদত্যাগের ঘোষণা আসছে বলে মিডিয়ায় প্রকাশ হয়। আহবায়ক কমিটি গঠনের ৬ দিনের মাথায় মোট ১৫জন এই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

 

 

 

 

যার মধ্যে যুগ্ম আহবায়ক ৪জন এবং সদস্য ১১জন। বিষয়টি নিয়ে মহানগর বিএনপির মধ্যে দুটি ধারায় বিভক্তের চিত্র ফুটে উঠে। এরই মধ্যে কমিটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং দলকে চাঙা করার উদ্দেশ্যে গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যকরী সভা।

 

 

 

 

সভা শেষে সংগঠনের আহ্বায়ক এডভোকেট হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের জানান, কমিটি থেকে যারা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া অশালীন বক্তব্য প্রত্যাহার এবং বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 

 

 

 

অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেন তারা। তবে তাদের এই আল্টিমেটামের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ পদত্যাগের ঘোষণা দেওয়া নেতৃবৃন্দ।

 

 


 
এই বিষয়ে যুগ্ম আহবায়ক থেকে পদ থেকে পদত্যাগ করা কাউন্সিলর আবুল কাউসার আশা বলেন, ‘এ ধরণের কোন আল্টিমেটামের বিষয়ে আমি কিছু জানি না। যদি আল্টিমেটাম দিয়ে থাকে, তাহলে আমি বলবো এখন পর্যন্ত শিষ্টাচারই জানে না। তারা একবার বলে পরিবারতন্ত্রের অবসান ঘটেছে, আবার তার আল্টিমেটাম দেয়। তাই তাদের বিষয়ে আামর বলার কিছুই নেই।

 

 

 

তবে আমি মনে করি যারা কমিটি থেকে পদত্যাগ করেছেন তারাতো কমিটিরই কেউ না। তাই যারা কমিটিতেই নেই তাদের বিরুদ্ধে এই কমিটি কিভাবে ব্যবস্থা নিবে। সাংগঠনিক কোন ব্যবস্থা নিতে হলে তা নিবে কেন্দ্র। কেন্দ্রই আমাদের অভিভাবক। তাই কোন বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে কেন্দ্র যেকোন সময় যেকোন সিদ্ধান্তই নিতে পারে।’

 

 

 


 
আল্টিমেটামের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, ‘তারা আল্টিমেটাম দিয়েছে দিক, আমাদের তাতে সমস্যা নাই। বিএনপি থেকে বহিস্কৃত হওয়া নেতার বাসায় গিয়ে পদত্যাগের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এগুলো ফালতু কথা। দুই একদিনের মধ্যে পদত্যাগ পত্র কেন্দ্রে জমা দিবেন,’ বলে যুগের চিন্তাকে জানান তিনি।

 

 


 
মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজি নুরুদ্দিন হাজী বলেন, ‘এই বিষয়ে বলার কিছুই নাই। তারাতো আল্টিমেটাম দিয়েছেই, দেখা যাক কি হয়। তিনি জানান, আমরা দুই একদিনের মধ্যে পদত্যাগের বিষয়ে কেন্দ্রে যাব। পদত্যাগপত্র প্রত্যাহারের কোন সম্ভাবনা নাই বলেও জানান তিনি।’

 

 


 
এই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ‘আমরা আল্টিমেটাম দেওয়ার পরও তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বিষয়টি নিয়ে আলোচনা করে জানাবেন বলেছেন। আমরা তাদের কাছ থেকে কোন সাড়া না পেলে বিষয়টি নিয়ে কেন্দ্র জানাবো। কেন্দ্রের সাথে পরামর্শ করেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন