# জেলাও মহানগর কমিটি নিয়ে তৃণমূলের আকাঙ্খা
দীর্ঘদিন মেয়াদোত্তীর্ন জেলা ও মহানগর কমিটির মাধ্যমে এ জেলায় আওয়ামী লীগ পরিচালিত হওয়ার এবার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর জেলা এবং এর দু’দিন পর ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুটি সম্মেলনই অনুষ্ঠিত হবে শহরের ঈদগাহ সংলগ্ন এম এ জি ওসমানী নগর স্টেডিয়ামে। দিনক্ষণ ও স্থান নির্ধারনের পর এবার শামীম ও আইভী বলয়ে বিভক্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগে সাজ সাজ রবে প্রস্তুতি শুরু হয়েছে। দু’পক্ষেই প্রস্তুতি চলছে প্রকাশ্যে ও গোপনে।
দু’পক্ষই দুটি কমিটির সভাপতি ও সেক্রেটারী এ দুটি শীর্ষ পদ সহ অধিকাংশ পদ দখল করতে মরিয়া। আসন্ন সম্মেলনের এ উত্তেজনা তৃনমূল কর্মীদের মধ্যেও ছড়িয়েছে। তাদের বহু অভিযোগ রয়েছে এ দুটি কমিটির বিরুদ্ধেই। সবাই পরিবর্তন চায়, তবে এক একজন একেক ভাবে পরিবর্তন চাচ্ছে।
শামীম বলয় যেভাবে পরিবর্তন চায়, আইভী বলয় আবার সেভাবে পরিবর্তন চায় না। মোটামুটি সবাই জেলা ও মহানগর কমিটির শীর্ষ দুটি পদে পরিবর্তন চায়। আবার শামীম বলয় সভাপতি পদে পরিবর্তন চাইলেও সেক্রেটারী পদে তা চায় না।
ঠিক এর বিপরীত অবস্থানে রয়েছে আইভী বলয়। তারা জেলা ও মহানগর সেক্রেটারী পদে যথাক্রমে আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ও এড. খোকন সাহার পরিবর্তন চাইলেও সভাপতি পদ নিয়ে তাদের তেমন মাথাব্যাথা নেই। তবে দুটি বলয়েই শীর্ষ পদে প্রার্থী বাছাই ও প্রস্তুতি চলছে।
জেলা কমিটির সভাপতি পদে শামীম বলয়ের প্রথম পছন্দ এমপি শামীম ওসমান। এছাড়া আলোচনায় রয়েছেন এড. খোকন সাহা, ভিপি বাদল ও চন্দন শীল। আইভী বলয়ে সভাপতি পদে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য এড. আনিসুর রহমান দীপু, মহানগর কমিটি সবাপতি আনোয়ার হোসেন, জেলা কমিটি সহ সভাপতি আঃ কাদির ও আরজু রহমান ভুইয়া।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু. জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জিএম আরাফাত. এসএম আহসান হাবীবসহ প্রমুখ।
মহানগর সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি আনোয়ার হোসেন, বর্তমান সেক্রেটারী এড. খোকন সাহা, শাহ নিজাম ও জিএম আরমান। এর মধ্যে এড. খোকন সাহার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। তাকে দলের মধ্যে আভ্যন্তরীন কোন্দলের মাষ্টার বলা হয়। ইতিপূর্বে মেয়র আইভীর বিরুদ্ধে তিনি দিনের পর দিন কুৎসা কীর্তন করেছেন।
মেয়রকে হেয় করতে ইতিপূর্বে তিনি হিন্দু-মুসলমান দুদিকেই সাম্প্রদায়িক উস্কানীও দিয়েছেন। এজন্য তিনি মেয়র আইভীর দায়েরকৃত একটি আইসিটি মামলার আসামীও। এ ছাড়া বিগত ৯ বছরে তিনি সাংগঠনিক কর্ম পরিচালনায় চরম ব্যার্থতার পরিচয় দিয়েছেন। এ দীর্ঘ সময়ে মহানগর অন্তর্ভূক্ত ২৭টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা এখন কেন্দ্রে লবিং ও সমর্থন আদায়ের নানা মিশন নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন। তবে নারায়ণগঞ্জের নেতৃত্ব চূড়ান্ত করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে সম্প্রতি বর্ধিত সভায় আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। এজন্য গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নিজস্ব অনুসন্ধান টিমগুলো কাজ করছে। এন.এইচ/জেসি


