নারায়ণগঞ্জে যুবলীগে যুবক নেই: এ যেনো কাঁঠালের আমসত্ত্ব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০২:৩৩ পিএম
# আওয়ামী লীগের সম্মেলনের পরেই যুবলীগের সম্মেলন : কাদির
নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর হতে যাচ্ছে জেলা যুবলীগের সম্মেলন। আর এতে করে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কোন কমতি নেই। জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, আর এই যুবলীগে প্রধান্য পায় যুবকেরা।
তবে নারায়ণগঞ্জে যুবলীগে দেখা গেছে এখন আর যুবক নেই অনেক নেতা-কর্মীরা বয়ষ্ক হয়ে গেছে। আর অনেক নেতা-কর্মী যুবলীগের পদবি থাকা অবস্থায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আর এতে করে অনেক যুবলীগের অনেক নেতা-কর্মী আওয়ামীলীগের পদ পেয়ে যাওয়ার পর; যুবলীগ নিয়ে তাদের তেমন একটা মাথা ব্যাথা নেই।
আর দীর্ঘদিন কমিটি না হওযার কারণে ছাত্রলীগ থেকে সাবেক হওয়া অনেক নেতা-কর্মী যুবলীগে আসতে চাইলেও কমিটি না হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়ে উঠেনি। আর এতে করে বিভিন্ন সময় তৃনমূলের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও এর কোন সুরহা মেলেনি।
তবে দীর্ঘদিনের এই যুবলীগের কমিটি না হওয়া খরা খুব শীঘ্রই ভাঙ্গতে যাচ্ছে। জানা যায়, গত ২৬ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে এক বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরা জানান নভেম্বর মাসের মধ্যেই হবে জেলা যুবলীগের সম্মেলন।
তাই তারা যুবলীগর পদে থাকা জেলা ও থানার নেতা-কর্মীদের নির্দেশনা দেন; যত দ্রুত সম্ভব ইউনিয়ন ওয়ার্ড কমিটি গুলো আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার। আর এই কমিটি গুলো গঠিত হলে থানা ও জেলার কমিটি নিয়ে বিশাল এক সম্মেলনের ডাক দেওয়া হবে।
আর এই ঘোষণার পরপরই যুবলীগে নেতৃত্বে আসতে এখন থেকেই নেতা-কর্মীরা তারা তাদের যার যার অবস্থান থেকে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। আর যুবলীগের জেলা কমিটিতে আসতে তৈরী রয়েছেন একঝাঁক নেতা-কর্মী যারা জেলা কমিটিতে আসতে বিভিন্ন সময় প্রচার প্রচারণাও চালালেও এখন আবার থমকে রয়েছে জেলা যুবলীগের সম্মেলন।
এক মাসের সময় দেওয়া হলেও সেই এক মাস এখন শেষ হবার পথে থাকলেও এখন পর্যন্ত থানা কমিটি করার তো দূরের কথা ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিও করার কোন প্রস্তুতি নেওয়া হচ্ছে না।
দলীয় নেতা-কর্মীদের এক সূত্রে জানা যায়, ২০০১ সালে বিএনপি জোট সরকার আমলে অনেকটা বেকায়দায় থাকা অবস্থায় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি আব্দুল কাদিরকে সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে জেলা যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এরপর প্রায় ২১ বছরের বেশি সময় পার হয়ে গেলেও জেলা যুবলীগের আর কোন কমিটি হয়নি। শুধু তাই নয় ২১ বছরে তারা যুবলীগের কমিটিতে থাকা অবস্থায় তারা দুজনই এই জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
আর এতো বছরে কমিটি না হওয়ার কারণে যুবলীগে নেই কোন যুবক; সবাই বুড়ো হয়ে গেছে। আর এই যুবলীগের কমিটি না হওয়ার কারনে জেলা কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও বিভিন্ন সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে থাকেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির জানান, ‘আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা যুবলীগের যে সকল থানার ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড রয়েছে থানার নেতৃবৃন্দদেরকে সেসকল কমিটি গুলো করতে বলা হয়েছে। আমাদের এই কাজ এখনো চলমান রয়েছে।
এই মাসেই আমাদের জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আর এই সম্মেলন শেষ হলেই আমাদের যুবলীগের কমিটির ব্যাপারে বসবো। আমাদের যুবলীগের সাধারন সম্পাদক তিনি জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছেন।
তারপরও তিনি যুবলীগের কমিটি গুলো নিয়ে বারবার খোঁজ খরব নিচ্ছেন। আর সব ইউনিয়নে এখন পর্যন্ত কয়েকবার বৈঠক হয়েছে আশা করছি আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে কোন একটা ঘোষণা দিতে পারবো আমরা।’ এন.এইচ/জেসি


