Logo
Logo
×

রাজনীতি

হাই-বাদল বহাল

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

হাই-বাদল বহাল
Swapno


# ঢাকঢোল পেটানো সম্মেলনে পরিবর্তন নেই

# বর্ধিত সভায় প্রশ্নফাঁসের কথা বলেছিলেন আদিনাথ বসু
 

গতকাল বিভিন্ন নাটকীয়তা, ঢাক-ঢোল পিটিয়ে সম্মেলনের পর আগের সভাপতি ও সাধারণ সম্পাদককেই স্বপদে বহাল রাখার মাধ্যমে শেষ হলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৯৯৭ সালের ডিসেম্বরের পর অর্থাৎ দীর্ঘ প্রায় ২৫ বছর জেলা আওয়ামী লীগের এই সম্মেলন ঘিরে ছিল প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এবং নতুন মুখের দাবি।

 

 

আর গতকালের এই সম্মেলনের মাধ্যমে সমাপ্ত ঘটলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আশা এবং আকাঙ্খার। বেশ কিছুদিন যাবতই জেলা আওয়ামী লীগের কমিটির দায়িত্ব নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ।

 

 

এরই মধ্যে বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে সভাপতি দেওয়া হবে বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এরই মধ্যে নারাণয়গঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রসহ নাম আসে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপুর নাম।

 

 

তবে গত দুই দিন আগে এক প্রস্তুতি সভায় যখন শামীম ওসমান ঘোষণা দেন যে, তিনি কোন পদের প্রার্থী না এবং বিষয়টা সাংবাদিকদের কাছে খুবই স্পষ্ট করে বলেন এটা আমার ক্লিয়ার ম্যাসেজ তখন থেকেই কানা-কানি চলছিল যে, তবে কি আগের কমিটিই বহাল থাকবে।

 

 

অর্থাৎ আগের সভাপতি এবং সাধারণ সম্পাদকই কমিটিতে থাকছেন কি না! সম্মেলন শেষে অবশ্য শেষের ধারণাটিই ঠিক হলো। গতকাল রোববার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকই নতুন করে থাকছেন বলে ঘোষণা দেন।
 

 

দলীয় সূত্র মতে এর আগে ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে অধ্যাপিকা নাজমা রহমানকে সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। সে সময় সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে অভ্যন্তরীন কোন্দল থাকায় জেলা আওয়ামী লীগ প্রকাশ্যে দুটি ধারায় বিভক্ত ছিল।

 

 

এর পর ২০০২ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। সে সময়ও আকরামের সাথে শামীম ওসমানের বনিবনা না থাকায় প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পরে এবং তখনও দুটি আলাদা ধারায় রাজনৈতিক কর্মকাণ্ড চলে।

 

 

এর দীর্ঘ প্রায় ১৪ বছর পর ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মূল কমিটি গঠন করা হয়। তখন কোন সম্মেলন না হলেও কেন্দ্র থেকে তৎকালীন জেলা প্রশাসক আবদুল হাইকে সভাপতি সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত শহীদ মো. বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

এরও ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এর মধ্যে গত বছর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং চলতি বছরের প্রথম দিকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় জেলা আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

 

 

একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন গঠনে প্রচুর কমিটি বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ আসে এই কমিটির বিরুদ্ধে। এমনকি অভিযোগটি কেন্দ্রীয় পর্যায়ে চলে যায় বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। এমনকি বিভিন্ন মিডিয়ায় এসব কমিটি বাণিজ্য নিয়ে প্রচুর লেখালেখি হয়।

 

 

যার প্রমাণ স্বরূপ গত কালের সম্মেলনেও প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাদের সাবধান করে দেন। আর এসব অভিযোগের কারণেই এবারের সম্মেলনের বিষয়টি আসতেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক বোদ্ধারা আলোচনা করতে শুরু করেন, এবার হয়তো আর এই কমিটির পুরোনো সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন না।

 

 

যার ফলে অনেকেই চেষ্টা তদবীর শুরু করেন, তাদের নিজেদের সুযোগ মতো। তৃণমূলও ভাবতে শুরু করেন এবার হয়তো নতুন নেতৃত্ব দেখা যাবে। তবে এবার শামীম ওসমান ভক্তদের ধারণা ছিল তাদের নেতা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিজের হাতে তুলে নিবেন।

 

 

আবার অনেকে মনে করতে শুরু করেন, দীর্ঘ প্রায় ২০ বছর যাবত নারায়ণগঞ্জ নগরকে শাসন করা নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতেই জেলা আওয়ামী লীগের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে এরই মধ্যে আরেকটি নাম খুব জোরেসোরে শোনা যাচ্ছিল।

 

 

তিনি হলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং নারায়ণহগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু। তবে সব কিছুকে ছাপিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেটে রেখে শামীম ওসমানের অনুগত সেই আগের কমিটিকেই বহাল রেখেছে কেন্দ্র।
 

 

তবে কমিটি ঘোষণার আগের মুহুর্তে এক বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান কমিটি গঠনের বিষয়ে বলেন, আমি স্পষ্টভাষী, কমিটি একটি হবে, একজন সভাপতি হবেন এবং একজন সাধারণ সম্পাদক হবেন।

 

 

গত কমিটিতে এমন লোক ছিল আমি নিজেও একজন দুজনকে চিনি নাই। আমি শামীম ওসমানও চিনতে পারি নাই এইটা কে? এই কমিটিতে সেই শকুনের দল, একাত্তরের পরাজিত শক্তি যেভাবে থাবা দিচ্ছে বাংলাদেশের মানচিত্রকে; শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমার বাচ্চার ভবিষ্যৎ।

 

 

তাই শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য তৃণমূলের ত্যাগী নোতাদের সবাইকে স্থান দিতে পারবেন না। কিন্তু তারপরও যারা অতিরিক্ত ত্যাগী নেতাকর্মী নিয়ে যদি কমিটি গঠন করা হয়, আমি বিশ্বাস নিয়ে বলতে চাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন আবার নারায়ণগঞ্জে এসে ভাষণ দিবেন। তখন তিনি বলবেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি ছিল, আছে এবং থাকবে।
 

 

এদিকে এই সম্মেলনের তারিখ নির্ধারণের বর্ধিত সভায় বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদিনাথ বসু বর্তমান কমিটি বহাল থাকবে বিষয়টি টেনে আনেন। তিনি বলেন, জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিই বহাল থাকবে; এমন প্রশ্ন ফাঁস হয়েছে।

 

 

১ অক্টোবর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আদিনাথ বসু বর্ধিত সভায় বলেন, জেলা আওয়ামীগের সম্মেলন নিয়ে নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তবে আবার সংশয়ও রয়েছে। কেননা সবাই বলাবলি করছে, জেলা আওয়ামীলীগের প্রশ্ন ফাঁস হয়ে গেছে।

 

 

জেলা আওয়ামীলীগের নেতৃত্বে যারা সভাপতি ও সেক্রেটারি  হিসেবে আছেন তারাই নাকি আবারো একই পদে থাকবেন। এটা সবার কাছে কারা ছড়িয়ে দিলো আগের কমিটিই থাকছে। সম্মেলনের আগে এমন কথা ছড়ানো প্রশ্ন ফাঁস কতটা যৌক্তিক।

 


তখন জেলা আওয়ামীলীগের এমন প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তার বক্তব্যে বলেন,  যে যত প্রশ্নই ফাঁস করুক না কেন, জেলা আওয়ামীলীগ কিংবা মহানগর আওয়ামীলীগের  নেতৃত্ব কার কাছে দেয়া হবে, সেই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমাদেরও কিছু করার নেই।

 

 

সম্মেলনে নেত্রী যাকে দায়িত্ব দিবেন তাকেই সবার মেনে নিতে হবে। তবে এখন পুরনো কমিটি বহাল থাকায় আদিনাথ বসু যেই অনুমান কিংবা প্রশ্ন  ফাঁসের কথা বলেছিলেন তাই যেন সত্যি হলো।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন