Logo
Logo
×

রাজনীতি

এবার পদ বাণিজ্য করবেন না:নতুন সভাপতি-সা.সম্পাদক`কে ওবায়দুল কাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:২১ পিএম

এবার পদ বাণিজ্য করবেন না:নতুন সভাপতি-সা.সম্পাদক`কে ওবায়দুল কাদের
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক ভিপি বাদলকে সতর্ক করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কমিটি একটা হবে। নতুন নেতাও আসতে দেন না। মশারির মধ্যে মশারি লাগিয়ে রাখেন। বসন্তের কোকিলরা আছে; দুঃসময়ের কর্মীরা নেই; এই আওয়ামী লীগের দরকার নেই।

 

 

কিছু মানুষ আছে টাকা ছাড়া কিছু বোঝেনা। তাদের আর কত টাকা দরকার। দেশের মানুষ কিন্তু সব লক্ষ্য করে। কে কি করেন? তার সব খবর নেত্রী রাখেন। প্রেসিডেন্ট সেক্রেটারি মাথা নাড়ছেন। কমিটিতে পদ বাণিজ্য করবেন না। দেখে দেখে পকেটের লোক দিয়ে কমিটি চলবে না। এবার কিন্তু তদন্ত করে খোঁজ খবর নিয়ে কমিটির অনুমোদন করা হবে।’

 

 

‘পয়সা খেয়ে যারা কমিটি করে; তারা তলে তলে আওয়ামী লীগের সাথে বেঈমানী করে। এই ধরণের নেতা আমাদের দরকার নেই। অনেকে মাথা নাড়ছেন কে কি করেন জানি! (এসময় এই নেতার কথার প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইকে মাথা নাড়তে দেখা যায়।) আর করবেন না, ভালো হয়ে যান; নিজেদের সংশোধন করুন।

 

 

আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের সাথে প্রতারণা করবেন না। নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আপনারা কে কি করেন তার সব খবর নেত্রী জানেন। শেখ হাসিনার মত সৎ হন; সৎ হতে চেষ্টা করুন। আওয়ামী লীগ হলো বঙ্গবন্ধুর আদর্শে পুষ্পিত দল।’ গতকাল জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই কথা বলেন।    

 

 

সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নারায়ণগঞ্জের সম্মেলনের মাঠে যে মানুষ, রাস্তায়ও তারচেয়ে বেশি মানুষ রয়েছে। এখানে লক্ষ লোক এসেছে। এই লক্ষ লোক নিয়ে বিএনপির বিপক্ষে এ্যাকশন হবে, খেলা হবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। ডিসেম্বরে বিজয়ের মাস, এই বিজয়ের মাসে গণ জোয়ারের গর্জন হবে; বিএনপির বিপক্ষে মোকাবেলা হবে।’

 

 

বিএনপির মহাসচিব ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শুধু কান পেতে শুনেন। এ্রর পরে আসবে সাগরের গর্জন। বিএনপির মত গুন্ডা হোন্ডা দিয়ে ১১ টার মধ্যে ভোট শেষ হয় না। কাপুরুষের মত মুচলেকা দিয়ে বিএনপির নেতা খালেদার পুত্র তারেক রহমান লন্ডনে পাড়ি জমিয়েছেন।

 

 

বিএনপির লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এই মুহুর্ত্বে বাংলাদেশে রাজনীতিতে শেখ হাসিনার চেয়ে যোগ্য সৎ মানুষ আর নেই। আগামী নির্বাচনে শেখ হাসিনাই সরকার গঠন করবে। বাংলার জনগণ কাজ দেখে ভোট দেয়; উন্নয়ন দেখে ভোট প্রদান করেন। নারায়ণগঞ্জ কি ছিল, আর কি হয়েছে এখন!’

 

 

এদিকে দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের বিরুদ্ধে কমিটিতে পদ বাণিজ্য, স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যসহ ব্যপক অনিয়মের অভিযোগ রয়েছে।

 

 

গত বছর  সোনারগাঁ উপজেলা ইউনিয়ন নির্বাচনে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাছাড়া কমিটিতে পদ দেয়ার কথা বলে একাধিক নেতাদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। তাই রাজনৈতিক বোদ্ধামহল মনে করেন, তাদের সংশোধন হওয়ার জন্য দলীয় হাই কমান্ড তাদেরকে একটি সুযোগ দিয়েছে। 

 

 

দলীয় হাই কমান্ড তাদের উপর ভরসা রেখেছেন, হয়তো তারা এ মর্যাদার সদ্ব্যবহার করবেন। হয়তো তারা দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সু-সংগঠিত করতে ভূমিকা পালন করবেন এবং ভবিষ্যতের জন্য আধুনিক ও যুগোপযোগী ত্যাগী নেতা-কর্মী সৃষ্টির ও মূল্যায়ণের চর্চা করবেন। যা ভবিষ্যত নারায়ণগঞ্জ প্রজন্মের নিকট অনুকরণীয় এবং অনুসরণীয় হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন