তত্ত্বাবধায়কের স্বপ্ন ভুলে যান, রাজপথে মোকাবিলা হবে:ওবায়দুল কাদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আজ তোমরা বড় বড় কথা বলছ। রাজপথে সব মোকাবিলা হবে। বিজয়ের মাস ডিসেম্বরে খেলা হবে।’
নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে আজ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের আয়োজন করছে বিএনপি।
বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতিতে এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণসমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বিএনপির নেতারা জানিয়েছেন, গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল ছাড়া বিএনপি ভোটে যাবে না।
বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। অন্য দেশে যে ব্যবস্থায় নির্বাচন হয়, এখানেও সেভাবে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিরুদ্ধে খেলা হবে। আজ আমাদের লক্ষ লক্ষ লোক, এই লক্ষ লক্ষ লোক নিয়ে খেলা হবে। ডিসেম্বরে জনতার গর্জনধ্বনি শুনতে পাবেন। এরপর আসবে সাগরের গর্জন শেখ হাসিনার।’
বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা শেখ হাসিনা। আপনার নেতা কে? যিনি বিগত ওয়ান ইলেভেনের সময় আর রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। শেখ হাসিনার মতো সৎ মানুষ কেউ নেই।’
এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরেন ওবায়দুল কাদের। বৈশ্বিক সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সংকটের আগে দেশে বিদ্যুৎ সংকট ছিল না, নিত্যপণ্যের দাম বাড়েনি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘খেলা হবে, খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে এবার খেলা হবে এবং দূর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। ভূয়া ভোটার তালিকার বিরুদ্ধে ও নারী নির্যাতনের বিরুদ্ধে, খেলা হবে গুম খুনের বিরুদ্ধে খেলা হবে।
কত মানুষকে তোমরা হত্যা করেছো বড় বড় কথা বল আহসান উল্লাহ মাষ্টার নেই, মঞ্জুরুল ইমাম নেই, শাহ আজিজ কিবরিয়া নেই এদেরকে রক্তাক্ত করেছো। আজকে ঢাকায় বড় বড় কথা বলে তারা নাকি বাধা পাচ্ছে। আওয়ামী লীগ অফিসের সামনে ২৩ নম্বরে ২১শে ফেব্রুয়ারী আলোচনা সভা পিটিয়ে বন্ধ করে দিয়েছে; এই দলকে এদের বিরুদ্ধে খেলা হবে।’
‘মেকাবেলা হবে রাজপথে, মোকাবেলা হবে, আসল মোকাবেলা হবে ডিসেম্বরে তত্ত্বাবধায়ক ভুলে যান। উচ্চ আদালত বাদ দিয়েছে আমাদের কি? দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক নেই অন্য যে কোনো দেশে যে পদ্ধতিতে ইলেকশন হয় আমাদের দেশের সংবিধানে ও সেভাবেই ইলেকশনের কথা আছে।
নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার সব প্রকারের সহযোগিতা করবে; বিএনপির মত গুন্ডা হুন্ডা নিয়ে ১১টার আগে ভোট শেষ, এর বিরুদ্ধে খেলা হবে। মেকাবেলা হবে এখন কি হচ্ছে বহুতা নদীর তরঙ্গ বিক্ষোভ মেলা, মিলেছে জনসভা ত্রিশ পয়ত্রিশ হাজার লোক, সত্তুর পচাত্তুর হাজার, আবার কোথাও লক্ষ লক্ষ লোক।
আজকে নারায়ণগঞ্জে এখানে যত লোক আছে বাহিরে তার চেয়ে বেশি লোক আছে। লক্ষ লোক আমাদেরই এই লক্ষ লোক নিয়ে খেলা হবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ এখন এখন নদীর তরঙ্গ বিক্ষোভ হচ্ছে। অক্টোবরে নভেম্বরে আর ডিসেম্বরে বিজয়ের মাস বিজয়ের ডাক।
ডিসেম্বরে কি হবে জনতার সমুদ্রের গর্জন ধ্বনি শুনতে পাবে। ফখরুল সাহেব কান পেতে শুনতে থাকুন তরঙ্গ বিক্ষোভ দেখুন এর পরে আসবে সাগরের গর্জন; আমাদের নেতা কে শেখ হাসিনা।
বিএনপি’র নেতা তারেক রহমান কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন। খেলা হবে এই মুহুর্তে বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল কবির, সাহাবউদ্দিন ফরাজি।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ। এন.এইচ/জেসি


