এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: মির্জা ফখরুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৯:২৯ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট চুরি করে এ সরকার গত ১৪ বছর ক্ষমতা দখল করে রয়েছে। এখন আবার একদলীয় সরকার কায়েম করতে চায়। শনিবার (৫ নভেম্বর) বিকেলে বরিশালের বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো কিছুই আজকে আপনাদের দাবিয়ে রাখতে পারেনি। টানটা কোথায়? আমার কলিজার টান। সেই টানটা তৈরি করে দিয়েছেন ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ১৪ বছর ধরে আওয়ামী লীগের সরকার নির্যাতন করছে। যারা হামলা করবে তারাই আবার মামলা করবে।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ নেই, রিজার্ভ নেই, তেল নেই, চিনি নেই। প্রত্যেক জায়গায় সরকার চুরি করেছে। সংসদ বাতিল করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু।
ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচির মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা বক্তব্য দেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, আজ (৫ নভেম্বর) বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে। সূত্র: Jago news24, Ntv News Online অবলম্বনে


