রূপগঞ্জে যুবলীগের দু’পক্ষের উত্তেজনা সংঘর্ষ, আহত-১০
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৯:০৬ পিএম
১১ নভেম্বর শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে একটি পক্ষ। এ সভাকে পন্ড করতে আরেকটি পক্ষ চেষ্টা চালায়। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশের সহায়তায় বিকেলে ওই সভা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ নভেম্বর শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের আয়োজন করেন কেন্দ্রীয় যুবলীগ। এক পক্ষ দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে রফিকুল ইসলামকে দাবি করেন। অপর পক্ষটি দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবিরকে দাবি করেন।
ওই সমাবেশ সফল করতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবিরের পক্ষ প্রস্তুতিমুলক আলোচনা সভার আয়োজন করেন। ওই সভায় প্রধান অতিথি করা হয় দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিনকে ও বিশেষ অতিথি করা হয় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারকে।
দুপুর ১২টার দিকে আলোচনা সভা পন্ড করতে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলামসহ তার পক্ষের লোকজন সভাস্থলে এসে বাঁধা দেয় এবং চেয়ারটেবিল ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয় পক্ষের আজিম, আসিফ, ইয়াকুব, রাকিবসহ প্রায় দশ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের সহায়তায় বিকেলে ওই সভা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
সভায় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিকান্দার আজাদ, যুগ্ন সম্পাদক রুবেল হোসেন, উপজেলার তথ্য গবেষনা সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা বাবুল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাবুল মিয়া, আরিফুল হকসহ আরো অনেকে।
সভায় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার বলেন, পরিকল্পিত ভাবে জামায়াত শিবির ও বিএনপির লোকজন দিয়ে যুবলীগের সভাকে পন্ড করার অপচেষ্টা চালানো হয়েছে। কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ঘটালে আর ছাড় নয়।
এ বিষয়ে এক পক্ষের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদেরকে না জানিয়ে সভাটি করা হয়েছে। এছাড়া ওই পক্ষ আমাদের লোকজনের উপর হামলা করে আহত করেছে।
অপর পক্ষের দাউদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি হুমায়ুন কবির কবির বলেন, আমাদের সভা পন্ড করতে সভাস্থলে এসে হামলা চালায় রফিকের ভাড়া করা জামায়াত শিবির ও বিএনপির লোকজন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।


