Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির বুস্টার কমিটি

Icon

মাহফুজ সিহান

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

জেলা বিএনপির বুস্টার কমিটি
Swapno



# সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চাই : আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন

# ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করবো  : সদস্য সচিব গোলাম ফারুক খোকন
 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সবচাইতে সিরিয়াস। সারাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জকে তাই চলতি বছর আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়।

 

 

ঢিমেতালে চলা মহানগর বিএনপিতে এড.সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে আবু আল ইউসুফকে সদস্য সচিব হিসেবে করে কমিটি দেয়ার পর প্রাণ ফিরে প্রায় মহানগর বিএনপি। তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও  সদস্য সচিব হিসেবে মামুন মাহমুদকে নিয়ে দেয়া কমিটিতে নাটকীয়তার শেষ নেই।

 

 

শেষ পর্যন্ত সিটি নির্বাচনে বিদ্রোহী অবস্থানের জন্য তৈমূর আলম খন্দকারকে বহিঃষ্কার করার পর ভারপ্রাপ্ত হিসেবে  দায়িত্ব কাঁধে চাপে মনিরুল ইসলাম রবির উপর। কিন্তু  জেলা বিএনপি যেন খেই হারিয়ে ফেলেছিলো। এরমধ্যে মামুন মাহমুদের ছুরিকাঘাতে আহত হওয়া, সিদ্দিরগঞ্জে সম্মেলনে মারামারি নিয়ে জেলা বিএনপির মনোবল অনেকটা নেতিয়ে পড়েছিল।

 

 

সব বিতর্ক ও জড়তা কাটিয়ে উঠতে তাই ৯ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির বুস্টার কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির নেতৃত্বে আসলে নারায়ণগঞ্জে নতুন করে বিএনপি গর্জে উঠবে এমনটা আগেই অনুমেয় ছিল। অবশেষে সেই পথেই হাঁটলো বিএনপির হাই কমান্ড।

 

 

গতকাল নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছ কেন্দ্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

 

১নং যুগ্ম আহ্বায়ক  হিসেবে বিলুপ্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে যুগ্ম আহ্বায়ক, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব  শহিদুল ইসলাম টিটুকে যুগ্ম আহবায়ক, বিলুপ্ত জেলা বিএনপির সদস্য খন্দকার মাশুকুল ইসলাম রাজিবকে যুগ্ম আহবায়ক।

 

 

ফতুল্লার বিএনপি নেতা লুৎফর রহমান খোকাকে যুগ্ম আহবায়ক, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে যুগ্ম আহবায়ক, আড়াইহাড়ার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদকে যুগ্ম আহবায়ক এবং জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

 

গতকাল জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পরপরই নারায়ণগঞ্জ বিএনপিতে প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ব্যাক্তিকেন্দ্রিক কোন বলয়ের ধার না ধরে এই কমিটি ঘোষণা হওয়ায়; এই কমিটিকে বিজয়ের মাস ডিসেম্বরের আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বুস্টার কমিটি হিসেবে আখ্যায়িত করছে তৃণমূল।

 

 

তারা বলছেন, পরীক্ষিত ও আস্থাভাজন গিয়াসউদ্দিন এবং যুবদলে ক্লিন ইমেজের গোলাম ফারুক খোকনের সমন্বয়ে জেলা বিএনপি বিশেষ কিছু চমক দেখাতে সক্ষম হবে যা ইতিপূর্বে নারায়ণগঞ্জে জেলা বিএনপি করতে পারেনি এমনটাই আশা করছেন বিএনপি নেতারা।

 

 

তাছাড়া আগের কমিটির নেতাদের আহবায়ক কমিটিতে সমন্বয় করায় জেলা বিএনপি কার্যত বুস্টার কার্যক্রম চালাতে পারবে, বলে মনে করছে তৃণমূল কর্মীরা। আহবায়ক কমিটিতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ এবং রূপগঞ্জের দায়িত্বশীল নেতাদের সমন্বয় করায় জেলা বিএনপি তার জড়তা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

এদিকে কমিটি ঘোষণা দেয়ার পরপরই এক প্রতিক্রিয়ায় কমিটিতে থাকা সকলেই ঐক্যবদ্ধভাবে ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যক্রম সফল করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। তারা সকলেই যার যার অবস্থান থেকে সকল ধরণের দ্বন্দ্ব-বিভেদ-বিদ্বেষ এবং বলয় কেন্দ্রিক রাজনীতির অবসান ঘটিয়ে দূর্বার কার্যক্রম চালানোর আহবান জানিয়েছেন।

 

 

জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন যুগের চিন্তাকে বলেন, “যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

 

আমার উপর একটি গুরুদায়িত্ব পড়েছে আর সেটি পালন করার জন্য আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীর কাছে দোয়া ও সহযোগিতা আমি চাই। আমার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো।”


 

এদিকে আহবায়কের কথার সাথে তাল মিলিয়ে দায়িত্ব পালনে শতভাগ ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন। তিনি যুুগের চিন্তাকে বলেন, “দলকে সুসংগঠিত করা, ত্যাগীদের মূল্যায়ন করা হবে আমাদের আপ্রাণ চেষ্টা। আগামী ১০ ডিসেম্বরের কার্যক্রম যাতে সফল হয় তার সর্বাত্মক প্রস্তুতি আমরা সবাইকে নিয়ে শুরু করবো।”  

 

 

এদিকে পূর্বতন কমিটির আহবায়ক মনিরুল ইসলাম রবি এবং সদস্য সচিব মামুন মাহমুদও জেলা বিএনপির নয়া আহবায়ক কমিটির সাথে থেকে শতভাগ সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

 

 

এ বিষয়ে জেলা বিএনপির নবাগত যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, “নতুন যারা জেলা বিএনপির কমিটিতে এসেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি যে নতুন কমিটি এসেছে এর মাধ্যমে আগামীতে বিএনপির আন্দোলন সংগ্রাম আরো জোরদার হবে। আর আমরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য ভালো একটা কিছু করবো।”

 

 

জেলা বিএনপির নবাগত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পাওয়া ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, ‘গণতন্ত্রকে পুনঃরুদ্ধারের জন্য আমরা যে যুদ্ধ করছি; এখন যে দায়িত্ব দেয়া হলো তাতে আমার কাজ বেড়ে গেল। দ্বিগুন দায়িত্ব যেহেতু দেয়া হয়েছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে; তৃণমুল নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের কার্যক্রমকে সফল করা।’

 

 

যুগ্ম আহবায়ক হিসেবে জেলা বিএনপিতে স্থান পাওয়া লুৎফর রহমান খোকা যুগের চিন্তাকে বলেন, ‘আমরা কমিটিতে যারাই স্থান পেয়েছি, তারা সম্মিলিতভাবে কাজ করতে চাই। কমিটির বাইরেও যারা রয়েছেন, তাদেরকেও সমন্বয় করে আগামীর জন্য গতিশীল জেলা বিএনপি গড়তে চাই। ডিসেম্বরের যে কার্যক্রম তার শতভাগ বাস্তবায়ন করবে জেলা বিএনপি।’

 

 

জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি যুগের চিন্তাকে বলেন, ‘সকলের প্রতি আমাদের আহবান থাকবে আগামী ডিসেম্বরের কার্যক্রম আমরা সবাই মিলে সফল করবো। সবাই একীভূত হওয়া ছাড়া আমাদের অন্য কোন বিকল্প নেই।’

 

 

আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো, জুয়েল হোসেন রয়েছেন যুগ্ম আহবায়ক হিসেবে জেলা বিএনপির কমিটিতে। তিনি যুগের চিন্তাকে বলেন, ‘সময়োপযুগী একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে পুরো জেলার তৃণমূল বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ডিসেম্বরের যে সর্বাত্মক আন্দোলনের কার্যক্রম তা  বাস্তবায়ন করতে জেলা বিএনপির এই নেতৃত্ব সফল হবে বলে আমি মনে করি।’

 

 

এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যে চমক দেয়া হয়েছে তাতে আরো বেশি উজ্জীবিত মহানগর বিএনপির নেতারাও। মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব  আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টু, যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুলসহ কমিটির অন্যান্য নেতারা অভিনন্দন জানিয়েছেন।

 

 

তাছাড়া বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও জেলা বিএনপির বুস্টার কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন