জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম
দুই যুগ পর গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও নেতৃত্বে নতুন মুখ আসে নাই। এতে অনেক নেতা কর্মী হতাশ হলেও তাদের পূর্বের কমিটিতে থাকা নেতাদের মেনেই জেলার ক্ষমতাসীন দলের দলীয় কার্যক্রম চালাতে হবে। সেই সাথে তাদের নেতৃত্বেই আগামীতে জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হবে।
গত ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে আব্দুল হাইকে সভাপতি এবং আবু হাসনাত মো. শহিদ বাদলকে আবারও সাধারণ সম্পাদক করা হয়। তবে আগের কমিটিতেও শুরুতেই ৬ শুন্য পদ পূরন করতে পারে নাই হাই বাদল কমিটি নেতৃত্বাধীন।
দলীয় নেতাদের অভিযোগ সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাই বাদলকে উদ্দেশ্য করে বলেছেন, “এবার আর কমিটি বাণিজ্য করবেন না। নিজেদের শুধরায় নেন। আগামীতে তদন্ত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হবে। কোন স্বজনপ্রীতি চলবে না। খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি তালিকা পাঠানোর নির্দেশ দেন এই বর্ষীয়ান নেতা।”
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সম্মেলন শেষ হয়েছে প্রায় মাস খানেক হতে যাচ্ছে। ইতোমধ্যে জেলার দুই শীর্ষ নেতা পৃথক ভাবে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দলীয় নেতাদের মতে বিভিন্ন কমিটি এবং মনোনয়ন বাণিজ্যে ভাগ ভাটোয়ারায় তারা এক থাকলেও সম্মেলনের পর বিভক্ত হয়ে আছে। তবে স্বার্থের বেলায় তারা এক হয়ে যান বলে মন্তব্য করেন নেতারা।
তাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। নতুন কমিটিতে কারা আসবে আর কারা থাকবে না তা নিয়ে চলছে জ্বল্পনা কল্পনা। কেননা এখানে জেলার উত্তর দক্ষিনের দুই ক্ষমতাসীন দলের দুই প্রভাবশালী নেতার প্রভাব রয়েছে।
আগের কমিটিতেও তাদের দুই মেরু থেকে সমান ভাগে নামের তালিকা নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। তার মাঝে উত্তর বলয়ের নেতারা এমপি শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
তার বিপরীতে দক্ষিণ বলয়ের নেতাদেরকে মেয়র আইভী বলয়ের লোক বলে জানেন রাজনৈতিক বোদ্ধা মহল। তাই এই দুই মেরুতে কারা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃত্বে আসবে তা নিয়ে চলছে আলোচনা।
তবে তৃনমূল নেতাদের দাবী নতুন কমিটির মাধ্যমে দলে শক্তিশালী কমিটি চান। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, “এটা আমাদের ব্যাপার। মিডিয়ার বিষয় না বলে ফোনকল কেটে দেন তিনি।” এন.এইচ/জেসি


