জেলা যুবদলের শূন্যস্থান পূরণ করে, নেতৃত্বে আসবে কারা!!!
ইফতি মাহমুদ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০১:৪৭ পিএম
# দক্ষ চালকের হাতে দলের প্রাণচাঞ্চল্য আরো বাড়বে, এমন প্রত্যাশা তৃণমূলের
নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠনের বছর না পেরুতেই ফের যুবদলের কমিটিতে রদবদলের হাওয়া বইছে। কারণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে সদস্য সচিব পদে স্থান পেয়েছে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন। যার ফলে জেলা যুবদলের আহবায়ক পদ নিয়ে জেলা যুবদলের রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
তারই ধারাবাহিকতায় জেলা যুবদলের আহবায়ক পদে আগ্রহী নেতাদের নাম উঠে আসছে। আর এই আহবায়ক পদে আসীন হতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রদল এবং যুবদলের একাধিক নেতা। দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ মার্চ নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির আহবায়ক করা হয় গোলাম ফারুক খোকনকে এবং সদস্য সচিব করা হয় মশিউর রহমান রনিকে যুগ্ম আহবায়ক করা হয় ভিপি কবীর হোসেনকে। কিন্তু কমিটি গঠনের আটমাস না পেরুতে আবার জেলা যুবদলের কমিটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কারণ গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে স্থান পায় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন এর পর থেকেই জেলা যুবদলের আহবায়ক পদ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যার ফলে জেলা যুবদলের গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় আহবায়ক পদে নতুন কাউকে নিয়োগ দিতে পারে কেন্দ্রীয় যুবদল। আর এই আহবায়ক পদে পদায়ন হতে একাধিক যুবদল নেতা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। এতে সহজেই অনুমেয় হয় যে, জেলা যুবদলে রদবদলের একটি হাওয়া বইছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে।
কারণ জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিকেও দেখা যেতে পারে জেলা যুবদলের আহবায়ক পদে। কারণ বিগত সময়ে জেলা যুবদলকে সুসংগঠিত করতে একটি ডায়নামিক শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপকভাবে কাজ করেছেন রনি।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালনে দেশব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেছে। অপরদিকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক জেলা যুবদলের আহবায়ক হিসেবে আসতে পারেন। কারণ দীর্ঘদিন ধরেই সাদেকুর রহমান সাদেক যুবদলের রাজনীতির সাথে সক্রিয়।
এছাড়া যুবদলের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত সাদেক। এর আগে কেন্দ্রীয় যুবদলে সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। এছাড়া জেলা যুবদলে বর্তমানে নতুন মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব।
জেলা যুবদলের রাজনীতি পর্দাপণ করেই তাক লাগিয়ে দিয়েছেন সজীব। কারণ কেন্দ্রীয় যুবদলের যুব মহাসমাবেশে সজীব কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে চমক দেখান সজীব। তারই ধারাবাহিকতায় খাইরুল ইসলাম সজিবকে জেলা যুবদলের শীর্ষ পদে দেখা যেতে পারে। কারণ এর আগেও জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন সজীব।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানায়, “তৃণমূল থেকেই মূলত আমি রাজনীতি করে আসছি কখনোই আমি দল থেকে কিছু চাইনি সংগঠন থেকে যখন যে নির্দেশনা আসছে সেটাই পালন করছি। কিন্তু আমি আমার সংগঠনেকে গতিশীল ও শক্তিশালী করার জন্য যেভাবে ধারাবাহিকভাবে সবসময় কাজ করেছি; সেভাবে কাজ করে যাব।
দল যদি মনে করে আমাকে উচ্চপদে নিয়োগ দিলে আমি আরো ভালভাবে কাজ করতে পারব; তাহলে আমি দায়িত্ব নিব। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় নেতারা যদি মনে করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের গতিশীলতা বাড়াতে নতুন নেতৃত্বের প্রয়োজন; তাহলে তারা নতুন নেতৃত্ব সৃষ্টি করবে।
আর তারা যদি জেলা যুবলের শূণ্য স্থান পূরণের ক্ষেত্রে যদি আমাকে বিবেচনা করে আমি আমার জায়গা থেকে সংগঠনের জন্য সর্বোচ্চ রকম চেষ্টা করবো, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক জানান, “আমি দীর্ঘদিন ধরেই দলের জন্য পরীক্ষিত একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এছাড়া ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার সহযোদ্ধা ও কর্মী শাওন পুলিশের গুলিতে নিহত হয়।
আর এই শাওন হত্যাকান্ড সাড়া দেশব্যাপী আলোচিত সারাদেশের মানুষই শাওনের হত্যাকান্ডের বিষয়ে অবগত। এছাড়া দলীয় আন্দোলন সংগ্রামে এবং দলের যেকোন নির্দেশে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপকভাবে অংশগ্রহণ করি। তবে আমার বিশ্বাস এই দুঃসময়ে আমার মতো রাজপথের কর্মীদের দল মূল্যায়ন করবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব জানান, “নেতৃত্বে আসার জন্য নির্দিষ্ট করে আমার চাওয়া পাওয়ার কিছু নাই নেতৃত্ব মহান আল্লাহতালার দান।
আমাদের অভিভাবক জনাব তারেক রহমান যদি মনে করেন, আমি নেতৃত্ব দিলে জেলা যুবদল শক্তিশালী সংগঠনে রূপান্তিত হবে অবশ্যই আমি নেতৃত্ব দিতে প্রস্তুত। আর যদি মনে করে আমার থেকে ভাল কেউ আছে নেতৃত্ব দেয়ার জন্য সেই সিদ্ধান্তকেই আমি অটল থাকব।” এন.এইচ/জেসি


