নেতাকর্মীকে কীভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমি জানি : গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৬:৪৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। নেতাকর্মীকে কীভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমি জানি। যার যার কর্ম অনুযায়ী আমি যথাযথ ভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো।
সংগঠনে কোন মনমালিন্য বা বিরোধ দেখতে চাই না। সকলকে নিয়ে কাজ করবো। কে আমার কতদিনের পরিচিত কতটা অনুগত তা দেখবো না। দলের স্বার্থে যাকে যেখানে মূল্যায়ন করা দরকার সেখানেই করবো। শনিবার (১৯ নভেম্বর) দলের নয়াপল্টনের কার্যালয়ে রূপগঞ্জ বিএনপির আয়োজিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন বিএনপি চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে তখন আমাদের নেতা তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন। নিশ্চয়ই আমাদের কাছে অনেক প্রত্যাশাা রয়েছে। সে প্রত্যাশা পূরণ করতে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য বেশি দিতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নেতৃত্বের প্রতিযোগীতা থাকতে পারে। সেটা যেন আমাদের কাজে প্রভাব না ফেলে। কমিটি গঠনের পূর্বে কার সাথে কী সম্পর্ক ছিল এটা যেন কেউ বিবেচনা না করে। আমরা আপনাদের মতামতের গুরুত্ব দেব বেশি। কারণ আপনারা ফিল্ডে কাজ করেন। আমরা আহ্বায়ক কমিটি। অল্প সময়ের জন্য এসেছি।
আমাদের কাজই হল সকল ইউনিটের কমিটিগুলো তৈরি করা এবং একটি সম্মেলনের মাধ্যমে জেলার কমিটি প্রতিষ্ঠা করা। আমি এ কাজে আপনাদের সকলের সহযোগীতা চাই। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারাও অনেক কিছু এ দলের জন্য দিয়েছেন। আমরা তাদেরও সাহায্য চাই।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদেরও ধন্যবাদ।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, মোশাররফসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


