Logo
Logo
×

রাজনীতি

আত্মগোপনে থেকে সক্রিয় বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

আত্মগোপনে থেকে সক্রিয় বিএনপি
Swapno

 

# গত দুই সপ্তাহে অর্ধশতাধিক কর্মী গ্রেফতার হয়েছে বলে দাবি বিএনপির
# সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশে যোগদানের আহবান

 

সারা দেশের মতো নারায়ণগঞ্জের রাজনীতির আলোচনায়ও এখন প্রাধান্য পাচ্ছে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশর বিষয়টি। এরই মধ্যে সেই বিষয়টিকে টার্গেট করে অনেকটাই নতুন করে প্রাণ ফিরিয়ে পেয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। কর্মসূচী ও কর্মীসমর্থকদের উপস্থিতি খরার চর্চা থেকে অনেকটাই ঘুরিয়ে দাঁড়িয়েছেন তারা।

 

 

নতুন উদ্যোমে স্থানীয় কর্মসূচীসহ পালন করে চলেছেন কেন্দ্রীয় কর্মসূচীও। তবে পুরানো কিছু রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগে নতুন করে গ্রেফতার ও তল্লাশির কারণে আবারও অন্তরালে চলে যাচ্ছেন বিএনপির অনেক নেতা। নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম কর্ণধার সাবেক এমপি গিয়াসউদ্দিনের বাসায়ও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

 

 

তল্লাশি চালানো হয়েছে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বাসায়। কিন্তু এবার অন্তরালে চলে গেলেও বিকল্প উপায় ব্যবহারের মাধ্যমে চাঙ্গা রাখার চেষ্টা করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের।

 

 

একই সাথে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াও অভিযান, তল্লাশি ও গ্রেফতার হচ্ছে নেতাকর্মীদের বাসায়। এই সকল তৎপরতা বিএনপির সমাবেশকে লক্ষ্য করেই করা হচ্ছে বলে দাবি করেছেন তারা। এমনকি বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে নতুন নতুন মামলাও করা হচ্ছে বলে দাবি করছেন তারা।

 

 

এরই মধ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি নারায়ণগঞ্জ বিএনপির। হঠাৎ নতুন করে পুলিশের এরকম উদ্যোগে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে পড়ে গেছে নেতা, কর্মী সমর্থক ও তাদের পরিবারগুলো।

 

 

এমনকি প্রবাসে অবস্থান করা নেতৃবৃন্দের বিরুদ্ধে যারা ঘটনার সময় দেশেই ছিলেন না বলে তাদের দাবী, তাদেরকেও আসামী করা হয়েছে বলে জানান তারা। তবে ফেসবুক, হোয়াটসএ্যাপ, ভিডিও কলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ তাদের কর্মীদের নির্দেশনা প্রদানসহ উর্জ্জীবিত করে রাখার চেষ্টা করছেন।

 

 

প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে এখন আগের যেকোন সময়ের চেয়ে সচল তারা। যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরই মধ্যে মামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিনামূল্যে আইনী সহায়তা দেওয়ার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জেলা ও মহানগর বিএনপির পক্ষ হতে।

 

 

এরই মধ্যে গত ২ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ এর বাসায় ডিবি পুলিশ অভিযান চালায় বলে জানায় বিএনপি।

 

 

রোববার ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বাসায় ডিবি পুলিশ ও পুলিশের যৌথ তল্লাশি চালানো হয়। গতকাল সোমবার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভুঁইয়া ও ভোলাব ইউনিয়ন যুবদলের ৭ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ।

 

 

গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ জুয়েল মাহমুদ গোলজারকে গ্রেফতার করে পুলিশ। একইদিন গ্রেফতার করা হয় রূপগঞ্জ থানা ভোলাব ইউনিয়ন ছাত্রদল সভাপতি তারিকুল ইসলাম ও তারাবো পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গণিকে।

 

 

তল্লাশি অভিযান চালানো হয় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দের বাসায়। নতুন ও পুরাতন মামলায় নেতা-কর্মীদের বাড়িঘরে দিনে ও রাতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে বিভিন্ন মামলায় জামিন নিতে আদালতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

 

 

এদিকে মহানগর বিএনপি ব্যস্ত সময় পার করছে। গতকাল আদালতপাড়ায় মহানগর বিএনপি লিফলেট বিতরণ করেছে। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচন কালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জ্বালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় গণসমাবেশ।

 

 

গণতন্ত্র পুনরুদ্ধারের এই গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এ গণসমাবেশ শান্তিপূর্ণ ভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্ততি গ্রহন করা হয়েছে। যেকোন মূল্যেই সমাবেশ সফল করা হবে। এই গণসমাবেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয় বরং দেশের আপামর জনগণও উপস্থিত থাকবেন। সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে আমাদের এই লিফলেট বিতরণ।

 

 

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

 

 

তিনি জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১১ টায় প্রায় ২৫ জন পুলিশ কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়াই আমার বাড়িতে তল্লাশি চালায়। বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হওয়ায় এই অভিযান চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, নারায়ণগঞ্জ শহরে এক শতাব্দী ধরে তারা পারিবারিকভাবে বসবাস করে আসছেন।

 

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পক্ষ হতে জানানো হয়, ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঘায়েল করার ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে নতুন নতুন মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে।

 

 

তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারকে সরকার তাদের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত করেছে বলে জানান তারা। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধরণের জুলুম-নির্যাতনকে কৌশল হিসেবে বেছে নিয়েছে বলেও জানান তারা।

 

 

দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যে গত প্রায় একমাস সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের তালিকায় আরও যারা রয়েছেন তারা হলেন, সোনারগাঁও বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল খান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন।

 

 

 সোনারগাঁও মোগরাপাড়া ইউনিয়নের ছাত্রদল নেতা গাজী রহমতউল্লাহ, মোগরাপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতির ছেলে রহমতউল্লাহ, আড়াই হাজার পৌর বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক, আড়াইহাজারে ছাত্রদল নেতা রতন, সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া।

 

 

সিদ্দিরগঞ্জ ৭ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার বিএনপি নেতা দিদারুল আলম, যুবদল নেতা রতন, রূপগঞ্জ কাঞ্চন পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক পাভেল মিয়া, কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাশকুর, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদুল ইসলাম রাসেল।

 

 

রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, চনপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল ব্যপারী, কায়েত পাড়ার বিএনপি নেতা আজগর আলী, ভুলতার বিএনপি নেতা মোমেন মিয়া, তারাব বিএনপি নেতা ইমরান খান, তারাব পৌরসভার ওয়ার্ড নেতা জুয়েল মাহমুদ।

 

 

সোনারগাঁও বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক, সহসভাপতি বাদল, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন।

 

 

ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটুর ছোট ভাই হাবিবুর রহমান স্বপন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাধবর, আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইকবাল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন