আগামীকাল থেকে বিএনপির দ্বিতীয় পর্বের আন্দোলন শুরু হচ্ছে
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম
# ২৪ ডিসেম্বর হবে যুগপৎ গণমিছিল
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহা সমাবেশ শেষ হওয়ার পর আগামীকাল (মঙ্গলবার ১৩ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের আন্দোলন। আগামীকাল দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের গ্রেফতার ও চলমান আন্দোলনে নেতা-কর্মীদের গুলী করে হত্যার প্রতিবাদে।
এরপর আগামী ২৪ ডিসেম্বর সকল মহানগর ও জেলা সদরে অনুষ্ঠিত হবে সমমনা অন্যন্য বিরোধী দল, যারা বিএনপির মতোই এ সরকারের অপসারণ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাদের নিয়ে যুগপৎ গণমিছিল।
এ গণমিছিলে অংশ নেবে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসডি, জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণ সংহতি আন্দোলন, সাবেক ভিপি নূরুল হক নূরুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ দু’ ডজন রাজনৈতিক দল ও সংগঠন।
এ ব্যাপারে আলাপকালে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াঁজো কমিটি গঠন করা হয়েছে। ২৪ তারিখের আগেই লিয়াঁজো কমিটি একত্রে বসে কোনদল কোথায় কখন কর্মসূচী পালন করবে সেই কর্মকৌশল নির্ধারন করবে।
মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক আবদুস সবুর খান সেন্টু বলেন, কাঙ্খিত আকার দিতে গরম থাকতেই লোহার উপর হাতুড়ির আগাত হানতে হয়। সারা দেশে গণ সমাবেশের পর আমরা এখন সে কাজটিই করতে যাচ্ছি।


