প্রশাসনের ভালো কর্মকর্তাদেরও আপনারা বিপদগ্রস্থ করছেন গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ পিএম
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সরকার গণতন্ত্রকে যেভাবে ১৪ বছর নসাৎ করেছে তেমনিভাবে দেশের সম্পদ লুটপাট করে আজকে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। তারা আজকে এমনভাবে দুর্নীতিগ্রস্থ তাদেরকে মানুষ এখন বিশ্বাস করে না। তারা ক্ষমতায় থাকুক মানুষ আর চায় না। তাদের থেকে মানুষ এখন মুক্তি চায়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাসপোর্ট অফিসের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয়ে পুলিশি অভিযান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
গিয়াসউদ্দিন আরো বলেন, মুক্তিযোদ্ধের ও আদর্শের কথা বলে আপনারা ক্ষমতায় থাকার জন্য এবং অর্থ সম্পদ লুন্ঠনের জন্য সে মহান মুক্তিযোদ্ধের আদর্শ আপনারা ভুলে গেছেন। আপনারা আজকে নিজেদের ভাগ্য উন্নয়ন, অর্থবিত্ত কুখ্যিগিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করেছেন। গনতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাকে বিপন্ন করেছেন। আজকে আপনারা রাজনৈতিকভাবে জনগণকে ও বিএনপিকে ভয় পান। সে কারণে আপনারা দীর্ঘদিনের রাজনৈতিক দলের ঐতিহ্য নিয়েও আজকে আপনারা ভীত। এ কারণে আপনারা নিজেরা রাজনৈতিক মোকাবেলা করতে পারেন না। কারণ জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আপনারা সন্ত্রাসীর পথ বেছে নিয়েছেন। প্রশাসনকে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার ও আন্দোলনকে নস্যাৎ করতে চান। প্রশাসনে যারা রয়েছে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয় জনগণের শান্তি রক্ষায় কাজ করবে। কিন্তু আপনারা প্রশাসনে থেকে তাদেরকে অন্যায় কাজের আদেশ দিয়ে তাদের নীতি নৈতিকতাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। আপনারা প্রশাসনকে ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করে প্রশাসনের অনেক ভালো কর্মকর্তাকেও আপনারা এমন বিপদগ্রস্থ করছেন ও এমনভাবে বিব্রত অবস্থায় ফেলছেন যে আপনাদের নির্দেশে তারা মিথ্যা মামলা করে জনগণের বিপক্ষে গিয়ে তাদের সমালোচনার মুখে তারা পড়ছে। ক্ষমতায় থাকার জন্য আপনারা এ পদ্ধতি ব্যবহার করছেন আশাকরি আপনারা এগুলো পরিত্যাগ করবেন।
গিয়াসউদ্দিন বলেন, তারা (আওয়ামী লীগ) আজকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত এখন মানুষ তাদের বিশ্বাস করে না, তারা ক্ষমতায় থাকুক মানুষ চায় না। মানুষ তাদের থেকে মুক্তি চায়। আজ মুক্তির ডাক দিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে শুধু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে না, এই আন্দোলনে সাধারণ মানুষও অংশৎগ্রহণ করছে, তারা আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। এই সরকারের লোকজন মুক্তিযুদ্ধের কথা বলেন, আদর্শের কথা বলেন কিন্তু আপনাদের লুন্ঠনের জন্য আপনারা মুক্তিযুদ্ধের কথা আর আদর্শের কথা ভুলে যান।
সাবেক এমপি বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরছি। স্বতঃস্ফূর্তভাবে দেশবাসী সেটা গ্রহন করে আসছে। প্রশাসন জনগনের টাকায় বেতন পেয়ে জনগণের জন্য কাজ করবে, কিন্তু আজ তাদের অন্যায় কাজে নীতি নৈতিকতা শেষ করে দিচ্ছেন। তাদের ব্যবহার করছে। তাদের এমন অবস্থা করছেন যে তারা আজ জনগনের বিপক্ষে গিয়ে সমালোচনার শিকার হচ্ছে। প্রশাসনকে বলবো আপনাদের ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা এগুলা পরিত্যাগ করবেন। জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সহযোগিতা করবেন। আমরা যেখানে শান্তিপূর্ণ সমাবেশ করবো সেখানে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। আপনারা আমাদের সহযোগীতা করবেন আমরাও আপনাদের সহযোগীতা করবো।
তিনি আরও বলেন, আমরা চাই মানুষের অধিকার আদায় করতে। গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে, গণতান্ত্রিক আন্দোলন করে এই সরকারের দমন, পিড়ন, নীতি যেটা হত্যা করা হয়েছে সেটা পুনরুদ্ধার করবো। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেই আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই আদর্শ শিক্ষা দিয়েছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান দেশের বাহিরে থেকে গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, শন্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আমাদের পথ নির্দেশনা করে যাচ্ছেন। তাই আমরা শান্তি প্রিয়ভাবে সকল আন্দোলন করতে চাই।
জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ চৌধুরী, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিএনপি নেতা ও নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার বেগমসহ প্রমুখ।
এস.এ/জেসি


