সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে : খোকন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেছেন, অবিলম্বে তারেক রহমান দেশে এসে বিএনপির সরকার গঠন করবেন। দশ দফার একটাই দাবী। সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। জেলা বিএনপি অতীতের মত ভবিষ্যতেও আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনের গলিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণমিছিল কর্মসূচির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারা আমাদের কর্মীদের গ্রেফতার করেছে। আমি আমাদের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনির, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ যুবদল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এস.এ/জেসি


