Logo
Logo
×

রাজনীতি

ওসমানদের পাঁচ আঙুল সমান নয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

ওসমানদের পাঁচ আঙুল সমান নয়
Swapno

 

# শহরের পর বন্দরেও নিজের পরিবারের দিকে ঈশারা সেলিম ওসমানের

 

ত্বকী হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী ওসমান পরিবারের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তীব্র হতে শুরু করে। যদিও এর আগে সাংসদ শামীম ওসমানকে নিয়ে নানা বিতর্ক বাসা বাধে। তবে ত্বকী হত্যাকাণ্ডের পর ফলাও করে ওসমানদের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে মুখ খুলতে করে শহরের নানা মানুষ ও বিশিষ্টজনেরা। বিশেষ করে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী ওসমান পরিবারকে নিয়ে নানা বক্তব্যে সারাদেশ তো বটেই দেশের বাইরেও ওসমানদের ভিন্ন রূপ তুলে ধরেন প্রকাশ্যে। নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার পেছনে, নানা হত্যকাণ্ড, গুম-খুন এবং চাঁদাবাজির নেপথ্যে ওসমান পরিবারের ছত্রছায়াকে দায়ী করেন। এনিয়ে ওসমান পরিবারের সাথে মেয়র আইভীর সম্পর্ক সাপে-নেউলে অবস্থায় পরিণত নয়।

 

দেশব্যাপী ওসমান পরিবারের সাথে মেয়র আইভীর সম্পর্কের তীক্ততার বিষয়টিও প্রকাশ পায়। ত্বকী হত্যাকাণ্ডের পর ওসমান পরিবারের নানা ধরণের ব্যত্যয়-অনিয়ম এবং তাদের ছত্রছায়ায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সহ নানা সংগঠন। এরআগে ওসমান পরিবারের নানা কার্যক্রম নিয়ে মন্তব্য করে দেশে উত্তাপ ছড়ান দেশবরণ্য অভিনেত্রী সারাহ বেগত কবরী।  আইভীর আগে ওসমান পরিবারের অত্যন্ত ঘনিষ্ট এই জনপ্রিয় অভিনেত্রীর জনপ্রতিনিধি হওয়াটাও স্বস্তিকর ছিলনা। তবে বেশ কয়েকবছর যাবৎ ওসমানদের নিজের ঘরের বিষয়েই কথা বলেছেন নিজেরা। সবচাইতে উত্তাপ ছড়ানো বক্তব্য রেখেছেন সাংসদ সেলিম ওসমান। গত নির্বাচনের আগে নিজের পরিবারের দিকেই আঙুল তুলে নানা সমালোচনা করেন সেলিম ওসমান।

 

দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার দরুণ দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ। নির্বাচনী বছরের শুরুতেই তার রাজনৈতিক বক্তব্যগুলো পুরো শহরে আলোচনা ছড়িয়েছে। কেননা গত এক সপ্তাহে দেয়া বক্তব্যে তিনি নিজের পরিবারের দিকেই আঙুল তুলেছেন বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। গতকাল  বন্দরে জাতীয় পার্র্টির নবনির্মিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি তার পরিবারের দিকেই আঙুল তাক করেছেন বলে মনে করছে এলাকাবাসী। সেলিম ওসমান বন্দরের নানা সেক্টরে অশান্তির নেপথ্যে দুইদিন আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন। সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, ‘বন্দরে সন্ত্রাস ছিলো না পুনরায় আবার সন্ত্রাস বেড়ে উঠছে। কোনো মানুষ নাই যার কাছে চাঁদা দাবি করা হয় না। বেবি টেক্সি, রিকশাওয়ালা ও ডিস লাইনের কথা বলেন কোনো এক খান সাহেব এখানে সন্ত্রাস ছড়াচ্ছেন।

 

আমি কোন দল বুঝি না, ছোট ভাই বুঝি না, বড় ভাই বুঝি না, বাপ বুঝি না।’ তিনি বলেন, বন্দরে কিছু অবৈধ ক্লাব গড়ে উঠেছে। আমি জানি কারা করেন। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ‘হাম্মা গ্রুপ ও ভাই সাহেব গ্রুপ’। যদি আপনারা মনে করেন তারা ওসমান পরিবার। ওসমান পরিবারের কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান না। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে এমন কাজ যদি কেউ করতে আসে, তাহলে সেলিম ওসমানের জীবন গেলে জীবন যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। সেলিম ওসমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোটরসাইকেল বাহিনী বলেন, আর আমার বাপ বলেন, বন্দরে কোন রকমের বিশৃঙ্খলা করতে দেয়া যাবে না। আমাকে জানাবেন কোথায় কে অশান্তি সৃষ্টি করছে। জমি দখল করা যাবে না। আপনারা নাম দেন কে কোন অশান্তি সৃষ্টি করছে। এমনকি আমার চেয়ারম্যান বা কাউন্সিলররাও যদি কিছু করে তাও জানান।

 

এদিকে দুইদিন আগে সেলিম ওসমান শহরের আরেক অনুষ্ঠানেও উপরের বক্তব্যগুলো টেনেছেন। তিনি জেলা প্রশাসককেও হোন্ডা বাহিনীর তৎপরতা থামাতে ১৫দিনের আল্টিমেটাম দিয়েছেন। এমনকি সেলিম ওসমান বলেছেন, হাম্মাজান এবং ভাইজান গ্রুপকে থামাতে জেলা প্রশাসক কিংবা এসপি ব্যর্থ হলে লাল পতাকা নিয়ে তিনি নিজেই রাজপথে নামবেন। এদিকে সেলিম ওসমানের বক্তব্যে তোলপাড় শহর ও বন্দরে। অনেকেই বলছেন সেলিম ওসমানের ভাই জনপ্রিয় সাংসদ প্রয়াত নাসিম ওসমানের পরিবারকে উদ্দেশ্য করেই মুলত সেলিম ওসমান এমন বক্তব্য রেখেছেন। হঠাৎ করে বিসিকের জুট সন্ত্রাস নিয়ে এতো তৎপর বক্তব্য শহরবাসীকে নানা চিন্তা করতে বাধ্য করছে।

 

আবার অনেকে বলছেন এসব রাজনৈতিকভাবে উত্তাপ তৈরি করতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন। তবে জুট সন্ত্রাস-হোন্ডাবাহিনী নিয়ে  যে বক্তব্য সেলিম ওসমান দিয়েছেন তা নিজের পরিবারের কাউকে উদ্দেশ্য করেই দিয়েছেন বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। তারা বলছেন, নির্বাচনী বছরের শুরুতেই জনপ্রিয় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবারের কেউ যাতে রাজনৈতিকভাবে সরব হতে না পারে সেজন্য চাপে ফেলার কৌশল হিসেবেই সেলিম ওসমান এমন বক্তব্য দিয়েছেন। সেলিম ওসমানের বক্তব্যের জের ধরে অনেকে মন্তব্য করেন, হাতের পাঁচ আঙুল হলো কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি। তবে সবচাইতে বেশি কথা হয় বৃদ্ধাঙ্গুলি নিয়ে। ওসমান পরিবারে কে কাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে গেল কিংবা এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখার আভ্যাস পাওয়াতেই হয়তো সেলিম ওসমান তার পরিবারের দিকে তাক করে এমন বক্তব্য রেখেছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন