১৭বছরে বিএনপির জনপ্রিয়তা আওয়ামীলীগ থেকে বৃদ্ধি পেয়েছে:সাগর প্রধান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। শনিবার (৭ জানুয়ারি) দুপুর দুইটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতাল রোড থেকে শুরু করে মেট্রো হলের মোড় হয়ে ডন চেম্বার দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে হোসিয়ারি সমিতির সামনে বক্তব্য কালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান বলেন, আজকে একটি কথা ক্লিয়ার বলতে চাই ১৭ বছর বিএনপি ক্ষমতায় নাই ১৭ বছর পরও বিএনপি রাজপথে যে আন্দোলন সংগ্রাম করছে সারা বাংলাদেশে সমাবেশ মহাসমাবেশে পরিণত হচ্ছে এতে কি বুঝা যায় না বিএনপির জনপ্রিয়তা আওয়ামীলীগের কাছ থেকে কত বেশী। আওয়ামীলীগ এখন কোন সমাবেশ কর্মী নিয়ে করতে পারে না এখন তারা প্রত্যেকটা সমাবেশ সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সফল করে। আওয়ামীলীগের এখন জনপ্রিয়তা নেই তাদের মাঠে এখন কর্মী নেই আজকে ১৭ বছর বিএনপি ক্ষমতায় নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাবন্দি করা হয়েছে। তারেক রহমানকে অন্যায় ভাবে দেশে আসতে দেয়া হচ্ছে না এবং মিথ্যা মামলা তারেক রহমান এবং জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া হয়েছে মালামাল ক্রোকের আদেশও দিয়েছে।
আসল সরকার কিন্তু চলে যায় আপনারা যারা প্রজাতন্ত্রেরর কর্মকর্তা কর্মচারী আছেন আপনারা কোন সরকারের দায় আপনাদের কাঁধে নিয়ে সরকার বিদায় হলে আপনাদের যেন বিদায় না হয় সেদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি বাংলাদেশের একটা প্রজাতন্ত্রেরর কর্মকর্তা কর্মচারী হিসেবে আপনারা সঠিক আচরণ করবেন আপনাদের কাছে আমরা সঠিক আচরণ আশা করি। বিক্ষোভ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা তরিকুল ইসলাম, মনজুরুল আলম মুসা, মাহবুব হোসেন, মোঃ তৈয়ম হোসেন, মোঃ দুলাল মিয়া মোহাম্মদ তান্না জাকির হোসেন পরশ মাহমুদসহ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাভুক্ত বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, সদর থানাসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এস.এ/জেসি


