নৌকাকে বিজয়ী করতে হলে, নিজেদের ভেদাভেদ ভুলে যেতে হবে: ডা. বিরু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম
গতকাল বিকেলে সোনারগাঁ উপজেলাধীন মালিপাড়া ব্রাহ্মন বাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির এক বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে।
ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। আমরা মুখে বলছি ঐক্যবদ্ধ থাকবো কিন্তু আমাদের ব্যবহারেও ঐক্যবদ্ধতা থাকতে হবে। বিভিন্ন জায়গায় বিচার বিশ্লেষণ করেছেন ও খোঁজ খবর নিয়েছেন, সত্যের জয় সবসময় হয়। ১৯৮৭ সন থেকে ১৯৯৫ সন পর্যন্ত ছাত্রলীগ করেছি।
আমার গন্ডি উপজেলা ডিগ্রী কলেজ নয়, আমার গন্ডি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায়। সেটা দেখতে হবে। কারা ছাত্রলীগ করেছে এবং কারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি তা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। কারা নৌকায় ভোট দিয়েছেন এবং কারা অন্য মার্কায় ভোট দিয়েছেন তাও বিবেচনায় নিতে হবে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে নিজেদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তবেই নৌকায় ভোট আসবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ'।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত ছিলেন। জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবুর সঞ্চালনায় উক্ত কর্মী সস্মেলনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


