Logo
Logo
×

রাজনীতি

গডফাদাররা দেশ ছেড়ে পালাবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

গডফাদাররা দেশ ছেড়ে পালাবে
Swapno

 

# সকল দুর্বৃত্ত-গডফাদার-মাফিয়ারা আপনাদের অংশ
# ভাগ-বাটোয়ারায় পুলিশ-প্রশাসন মিলেমিশে একাকার

 

 

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, গডফাদাররা দেশ ছেড়ে পালাবে সময় এসেছে আপনাদের রাস্তা আপনারা ঠিক করুন। জোর করে ক্ষমতায় থাকবেন এটি বেশি দীর্ঘায়ু হবে না। দেশের মানুষকে বোকা ভাববেন না। একটি স্বাধীন নির্বাচন দিয়ে দেখেন জনগণ কি চায় দেখেন। আপনাদের অবস্থান কই থাকে দেখেন। আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন। তাই জনগণকে জিম্মি করে রেখেছেন। আজকে অনেকে রয়েছে ৩২ বছর এতো বছরে ও তারা জাতীয় সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। কারণ আপনারা উনাদের ভোট হরণ করে রেখেছেন। সকলের এই অধিকারটি নিশ্চিত করুন। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৮ মাস উপলক্ষে গতকাল সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বলনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

 

রফিউর রাব্বি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধটি হয়েছিল একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা তৈরীর জন্য আমাদের আকাঙ্খা ছিল এই দেশটি সকল মানুষের দেশ হবে। যেদিন এ দেশটি আষ্টেপৃষ্টে রেখেছিল কতিপয় দুর্বৃত্ত। আমাদের স্বপ্ন ছিল এই দেশটি তাদের খপ্পর থেকে মুক্ত হয়ে সকল মানুষের দেশ হবে। কিন্তু আজকে ৫১ বছর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশে রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে, তারা কখনোই এই দেশটিকে সাধারণ মানুষের হয়নি। তারা বরাবরই এই দেশটিকে দুর্বৃত্তদের দেশ, মাফিয়াদের দেশ, গডফাদারদের দেশ বানিয়ে রেখেছে। তাই এই সরকারগুলো জনগণ থেকে বিছিন্ন হয়ে জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে গিয়ে এই দুর্বৃত্তায়নের আশ্রয় গ্রহণ করেন। এই সরকার বর্তমানে দুর্বৃত্তদের উপরে ভর দিয়ে, মাফিয়াদের উপর ভর করে, গডফাদাদেরর উপর ভর করে তারা রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘায়ু করতে চাচ্ছে।

 

আর তারা একটি বিষয় স্পষ্ট হয়েছে জনগণ এই দুর্বৃত্ত শক্তিকে ভোট দেয় না, প্রশ্রয় দেয় না। আর তাই আজকে জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক সাংবিধানিক গুলোকে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে এবং মানুষকে তারা জিম্মি করে প্রতিপক্ষ করে ক্ষমতায় তারা টিকে থাকছে। ত্বকী হত্যার আজকে ১১৮ মাস ২ মাস পরেই ১০ বছর হবে। বিচার আটকে রয়েছে। এমনটা না যে ঘাতক চিহ্নিত হচ্ছে না তাদের পাওয়া যাচ্ছে না। সাগর-রুনির  ক্ষেত্রে তারা যা যা বলছে ৯৬ বার আদালতে তারা সময় নিয়েছে অভিযোগপত্র দাখিলের জন্য যে অভিযোগপত্র তৈরি হচ্ছে না। কিন্তু ত্বকীর অভিযোগপত্র তৈরি করে রাখার পরে ও কেন আদালতে পেশ করা হচ্ছে না। স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে ঘাতকরা যারা শিকার করেছে ত্বকীকে হত্যার কথা তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই হোন্ডাবাহিনী বিভিন্ন বাহিনী নারায়ণগঞ্জ শহর দাবড়িয়ে বেড়াচ্ছে।

 

রফিউর রাব্বি আরো বলেন, জেলা প্রশাসক বলছে কেউ তাদের কাছে লিখিত অভিযোগ করছে না। আমরা দেখলাম গত পাঁচ বছর আগে এই রাস্তায় ফেলে মেয়র আইভীকে যখন তারা হামলা করলো গুলি করতে চাইলো। এই শামীম ওসমানের পা চাটা বাহিনী, পা চাটা এই কুকুররা যখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করলো যেই ছবি সমস্ত দৈনিকের মধ্যে আসলো সারা দেশের মানুষ দেখলো বিশ্ববাসী দেখলো। আমাদের নারায়ণগঞ্জের পুলিশ সেগুলো দেখলো না তাদের চোখে পড়েনা। তারা তিনদিন আগে অভিযোগপত্র দাখিল করেছে। আমরা এতে কি বুঝি এই নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন এই ওসমান পরিবারের পক্ষ হয়ে দুর্বৃত্তদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে গিয়ে অবস্থান গ্রহণ করেছে। এই ওসমান পরিবারের সাথে ভাগ বাটোয়ারায় এই নারায়ণগঞ্জের পুলিশ এবং প্রশাসন সকলে মিলেমিশে একাকার হয়েছে।

 

তাই নারায়ণগঞ্জের মানুষ আজকে জিম্মি হয়ে রয়েছে। শহরের মানুষ আমরা দেখলাম অস্ত্র নিয়ে ঘুরছে অস্ত্রবাজি করছে কিন্তু তারা দেখলো না। তারা কি করলো তাদেরকে ছাড়পত্র দিয়ে দিল। যে তারা অপরাধী না। এই শাহ নিজামকে কমিউনিটি পুলিশ বানিয়েছেন আপনারা তার সাথে যুক্ত করেছেন। অতএব সকল দুর্বৃত্ত, গডফাদার, মাফিয়ারা আপনাদের অংশ। আমাদের দেশের মানুষের টাকায় আপনাদের রিজিক চলে আপনাদের বউ-বেটি আপনাদের সংসার চলে আপনাদের বালবাচ্চার লেখাপড়া চিকিৎসা চলে। আর আপনারা জনগণের বিপক্ষে দাড়িয়ে গডফাদার, দুর্বৃত্তদের আপনারা পাহাড়া দেন। আপনাদের এই সকল জিনিসের জবাব দিতে হবে। আমরা কোনভাবেই এই স্বাধীন দেশে এগুলো মেনে নেব না। আপনারা মনে করবেন না। যে সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার কাল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থেকে আপনাদের পাহারা দেবেন। আপনারা আজকে সাবধানে পা ফেলবেন।

 

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, সরকার ত্বকী হত্যার বিচারে ইন্ডেমনিটি জারি করেছে, ত্বকীর ঘাতক পরিবারকে পুরস্কৃত করছে। ত্বকী হত্যার বিচারের সাথে সুশাসনের সম্পর্ক জড়িত। আমরা ত্বকী সহ সকল হত্যার বিচার চাই। মাহাবুবুর রহমান মাসুম বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। ত্বকী হত্যার বিচার ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। শামীম ওসমান যত মামলা দেন, হামলা করেন, বোমা পুতে রাখেন-আমরা পিছ পা হবো না।

 

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনি মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, ত্বকী মঞ্চের যুগ্ম-আহ্বায়ক দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মুহাম্মদ সেলিম, সদস্য পিন্টু সাহা।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন