অবশেষে শুরু হচ্ছে মহানগর ওয়ার্ড কমিটির কার্যক্রম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম
# ১১-২৭ ওয়ার্ডের কমিটি গঠনের তারিখ ঘোষণা
# সিদ্ধিরগঞ্জের ওয়ার্ডগুলোতে এমপি সাহেবের অপেক্ষায়
হয়ে হয়েও হয়ে উঠছিল না নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাভুক্ত ওয়ার্ড কমিটিগুলো। গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক মহানগরের আওতাভুক্ত ওয়ার্ড কমিটিগুলো গঠনের কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বিএনপির আন্দোলন সংগ্রামকে প্রতিহত করা নিয়ে মহানগরের আওতাভুক্ত কমিটিগুলো গঠনের কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়। পরবর্তী মহানগর আওয়ামীলীগের কার্যকরী সভার মাধ্যমে আবারও মহানগরের আওতাভুক্ত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের দিনক্ষণ ঠিক করা হয়।
শনিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সভায় ১১-২৭ ওয়ার্ডের কমিটি গঠনের দিন তারিখ নির্ধারণ করা হয়। জানুয়ারী মাসের ১৩ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১১-২৭ ওয়ার্ডের কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হবে। তবে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১-১০নং ওয়ার্ডের কমিটি গঠনের ব্যাপারে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান এসকল ওয়ার্ডের কমিটি গঠনের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এতে করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাভুক্ত ১-১০ ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের কার্যক্রম শামীম ওসমানের অপেক্ষায় আটকে রইল।
কিন্তু বহু আলোচনা সমালোচনা চড়াই উৎরাইয়ের পর অবশেষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাভুক্ত কমিটিগুলো হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের মেয়াদ চলে গিয়েও আবার সম্মেলনের তারিখও নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু আবহাওয়াজনিত কারণে সম্মেলন স্থগিত করা হলে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাভুক্ত কমিটিগুলো গঠনের নির্দেশ দেয়। পরবর্তীতে ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু করেও গত বছরের ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলন সংগ্রামের কারণে কেন্দ্রের নির্দেশে কমিটি গঠনের কার্যক্রম থেমে যায়। তবে আবারও নতুন বছরের প্রথম মাসে ওয়ার্ড কমিটিগুলো গঠনের কার্যক্রম শুরু করায় উচ্ছ্বসিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির পদ প্রত্যাশী নেতারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন যুগের চিন্তাকে বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ওয়ার্ড কমিটিগুলো গঠন করতে চাই। যার কারণে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের ক্ষেত্রে নারায়ণগঞ্জ মহানগরের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। যারা বিগত সময়ে কাজ করছে দলের জন্য তাদেরকে নিয়েই কমিটি গঠন করব। আমাদের প্রতি যদি আস্থা থাকে বলতে চাই আমরা মাই ম্যান প্রতিষ্ঠা করতে চাই না আমাদের যারা সার্ভিস দিয়েছে তাদেরকে মূল্যায়ন করেই কমিটি গঠন করব।
এস.এ/জেসি


