আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে হবে : ডা. বিরু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম
গতকাল বিকেলে সোনারগাঁ উপজেলাধীন বারদী বাজার খেলার মাঠে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির এক বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সকলকে স্বোচ্চার থাকতে হবে। আমাদের তৃণমূলের নেতা-কর্মীদের দায়িত্ব হলো আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করা, যাতে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো যায়’।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) এবং বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল উপস্থিত ছিলেন। বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


