গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে : গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ পিএম
সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকারের সময় স্বাধীনতার ৫১ বছর পার হবার পরও আবার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে আন্দোলন করতে হচ্ছে রাজপথে নেমে।
মুক্তিযুদ্ধ ও চেতনার মূল লক্ষ্য ছিলো গণতন্ত্র। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে। মানুষের ভোটের অধিকার হরণ ও মৌলিক চাহিদাকে নসাৎ করেছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গিয়াসউদ্দিন আরও বলেন, আজকে বিএনপিকে আন্দোলন সংগ্রামে নামতে হচ্ছে। এ সংগ্রাম বিএনপির সংগ্রাম নয়। এ সংগ্রাম বাংলাদেশের অগনিত মানুষের সংগ্রাম। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এ সংগ্রামে অগনিত মানুষ অংশগ্রহন করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে গণঅবস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলমসহ প্রমুখ।


