আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে: নান্নু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পিএম
গতকাল বিকেল ৩টায় সোনারগাঁ পৌরসভা বালুর মাঠে অত্র পৌরসভা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে বিশেষ অতিথির এক বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘সোনারগাঁ আওয়ামী লীগে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে।
কর্মী সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব তৈরী করতে আমরা কাজ করছি। যারা যোগ্য, দলের প্রতি নিবেদিত প্রাণ ও বিগত দিনে যারা জেলজুলুম খেটেছেন তাদেরকে নেতৃত্বে আনতে চাই। যারা ভূঁইফোড়, দলছুট ও আওয়ামী লীগের ক্ষতি করেছে তারা যাতে নেতৃত্বে না আসতে পারে সে অনুরোধ আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে রাখতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা বেশী বেশী চালাতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেজন্য আমাদেরকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি ও জামায়াত তারা শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমাল রক্ষার্থে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। ২০২৪ সালের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ আল কায়সার ভাইকে নৌকার মাঝি বানিয়ে আমাদের সোনারগাঁ আসনটি পুনরুদ্ধার করতে চাই’।
পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার এবং বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
তাছাড়া উক্ত কর্মী সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


