তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবেনা : আনোয়ার হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা তার কার্যক্রমে আরও একবার ক্ষমতায় আসবে। কারন শেখ হাসিনা জনগণের কল্যানে কাজ করে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, আজ অনেকে মিছিল নিয়ে এখানে এসেছেন। তবে কমিটি হওয়ার পর অনেকে বাড়ি চলে যাবে আর আওয়ামী লীগের দিকে ফিরে তাকাবে না। এমন হলে সম্মেলন বৃথা হয়ে যাবে।
এরশাদ ও খালেদা জিয়ার আমলে এ দেশের কী অবস্থা ছিল। রাতে বিদ্যুতের জ্বালায় মানুষ স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসত। বিদ্যুৎ গেলেই মানুষ বলতো খালেদা গেল খালেদা গেল। এটা সে সময় প্রচলিত ছিল। এরশাদের আমলে চিনির দাম কত ছিল। চিনির দাম বেড়ে যাওয়ায় কাজী জাফরের নামে স্লোগান হত।
তিনি বলেন, খালেদা জিয়ার আমলে সারা দেশে একসাথে ৬৪ স্থানে বোমা বিস্ফোরণ হয়েছিল। হওয়া ভবন তৈরি হয়েছিল। তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল। আর শেখ হাসিনার আমলে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মাসেতুর কারণে সহজেই আসতে পারে। বিরোধীরা ষড়যন্ত্র করেছিল। বিদেশি অর্থায়ন ছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে।
পদ্মা সেতুর দুর্নীতির মামলা কানাডার আদালতে আজ অভিযোগ ভুল প্রমানিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার আমলেই পদ্মা নদীর পানি এসেছে। অথচ খালেদা জিয়া ইন্ডিয়া সফর থেকে এসে সাংবাদিকদের পদ্মা নদীর পানি ইস্যুতে বলেছিলেন সব ভুলে গেছি। আজ আমরা আইনের মাধ্যমে আমাদের সমুদ্রসীমা অধিকার আদায় করেছি।আজ মেট্রোরেল দৃশ্যমান।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলেই ফেলে দেয়া যাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। তারা বলেছিল ১০ তারিখ থেকে তারেক জিয়ার কথায় দেশ চলবে। আমরাও বলেছিলাম মাঠে থাকবো। দেখবো কীভাবে তারেক জিয়া দেশ চালায়।
ওরা গত পনেরো বছর ধরে পাপের প্রায়শ্চিত্ত করছে। তারেকের ভাই কোকো কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিল। দুর্নীতির জন্মদাতা তারেক জিয়া ও খালেদা জিয়া। এতিমদের টাকা তারা হজম করে ফেলেছে। তাদের দিয়ে দেশ কীভাবে পরিচালনা সম্ভব।
আওয়ামী লীগ আজ পনেরো বছর যাবৎ ক্ষমতায়। জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আজ শেখ হাসিনার উন্নয়নের প্রচার করতে হবে। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে কিন্তু প্রচারের অভাব।
তাই আজ ষড়যন্ত্রকারীরা বলে কোন উন্নয়ন হয়নি। শেখ হাসিনার উন্নয়ন তাদের চোখে পড়ে না। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


