আড়াইহাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে, আহত ১৫
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বিএনপির নেতাকর্মীরা এঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন,‘ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে মহাসড়কে তীব্র যানজট হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুরোধ না শুনে তারা পুলিশের ওপর চড়াও হলে অ্যাকশনে যায় পুলিশ। তিনি আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম। পুলিশ আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। তাদের গুলিতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’
এদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান আব্দু বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অনুযায়ী কর্মীরা শান্তিপূর্ণভাবে বেলা ১১টার দিকে ‘পথযাত্রা’ শুরু করেন। এসময় নেতাকর্মীরা স্থানীয় পাঁচরুখী বাজারের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর অর্তর্কিত গুলি, লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।’
নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করছিল। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের ইটপাটকেলে আমাদের তিন সদস্য আহত হয়েছেন।’ এন.হুসেইন/জেসি


