ফতুল্লা থানা বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম
ফতুল্লা থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় নবগঠিত এই আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, নবগঠিত ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, লোকমান হোসেন, নজির আহাম্মেদ, মঈনুল ইসলাম রতন, মো. হাসান আলী।
থানা বিএনপির সদস্য খন্দকার মনিরুল ইসলাম, রুহুল আমিন শিকদার, মো.নাসিম আবদিন, নজরুল ইসলাম মাদবর, নজরুল ইসলাম মেম্বার, ফতুল্লা থানা জাসাসের সভাপতি ও থানা বিএনপির সদস্য এম এ লতিফ তুষার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভার শুরুতে সাংগঠনিক ও আন্দোলন সংগ্রামের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যগণ।
এসময় যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন নবীন-প্রবীনের সমন্বয়ে সময় উপযোগি কমিটি দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। পূর্বের আহবায়ক কমিটি দীর্ঘ দিন বহাল থাকলেও নানা কারণে তারা ফতুল্লায় একটি ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেনি।
ওই কমিটি ব্যর্থ হলেও আমাদের ব্যর্থ হওয়া যাবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে দ্রুতই ফতুল্লার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে। এদিকে, সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম টিটু উপস্থিত নেতৃবৃন্দদের নানা অভিমতের প্রেক্ষিতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে এক মাস নয়, এক সপ্তাহের মধ্যে ইউনিট কমিটিগুলো গঠন করা যাবে। আমি জেলা যুবদলের নেতৃত্বে থাকাকালে গোটা জেলায় ৪০৬টি ওয়ার্ডে কমিটি গঠন করেছি। সেই অভিজ্ঞতা আমার আছে। এখন সকলের সহযোগিতা প্রয়োজন।
জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ভাই একজন দক্ষ সংগঠক। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। এখন দলের স্বার্থে এ্যাক্টিভ নেতাকর্মীদের কমিটিতে রাখতে হবে। কমিটির তালিকায় যদি এ্যাক্টিভদের নাম না আসে, তাহলে সেই তালিকায় হস্তক্ষেপ করতে বাধ্য হবো। কে কোন বলয়ের, তা দেখার দরকার নেই। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এন. হুসেইন/ জেসি


