Logo
Logo
×

রাজনীতি

জোড়াতালি দিয়ে চলছে যুবলীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

জোড়াতালি দিয়ে চলছে যুবলীগ
Swapno

 

# কমিটিতে ঢোকার অপেক্ষায় থাকা নেতারাও বুড়ো হওয়ার পথে
# কেন কমিটি করা যাচ্ছেনা উত্তর নেই কারো কাছে

 

 

একবার নয়, দুইবার নয়, টানা তিনবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেকেই মনে করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটির সবচেয়ে শক্তিশালী অবস্থান বিরাজ করছে বর্তমানে। তাই দলকে গুছিয়ে নেওয়ার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময় বলে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের অভিমত। এরই মধ্যে দলকে চাঙ্গা করার জন্য দেশের বিভিন্ন এলাকায় কাজ চলছে। তবে এত বছর ক্ষমতায় থাকার পরও নিজেদের ঘর গোছাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে নারায়ণগঞ্জের জেলা ও মহানগর যুবলীগ। দীর্ঘ দেড় যুগ সময় অতিবাহিত হওয়ার পরও নতুন কমিটি গঠনের উদ্যোগের অভাবে এখনও জোড়া-তালি দিয়ে অনেকগুলো শূন্য পদ নিয়ে অনেকটা খোড়া ঘোড়ার ন্যায় চলছে নারায়ণগঞ্জ যুবলীগের কমিটিগুলো।

 

দলীয় সূত্র মতে দলীয় কমিটিগুলো গঠন করার জন্য তিন বছরের জন্য সময় বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো সহযোগী সংগঠন আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংগঠন হলো যুবলীগ (অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও যুব সংগঠন খুব গুরুত্বপূর্ণ)। বেশিরভাগ ক্ষেত্রেই এই যুব সংগঠন থেকেই মূল দলের নতুন নেতৃত্ব তৈরি হয়। অথচ প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জে যুবলীগের এই কমিটিগুলো নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন না বলে সংগঠনের নেতাকর্মীদের মনে এক ধরণে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এত বছর আগে যুব লীগের কমিটিতে পদ পাওয়া নেতারা এখন যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছেন। তাছাড়া কমিটির অনেকগুলো শূন্য পদ পূর্ণ করা কিংবা একই পদে এত বছর একই লোক নেতৃত্ব ধরে রাখার জন্য নতুন নেতৃত্ব সৃষ্টি ব্যহত হওয়া সব কিছু মিলিয়ে একটি হ-য-ব-র-ল অবস্থায় আছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ।

 

সূত্রে মতে, ২০০৫ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন খুবই কোনঠাসা অবস্থায়ও জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের পরও সেই কমিটি পূণর্গঠন করা কেন সম্ভব হচ্ছে না বিষয়টি দলের তৃণমূল পর্যায়ে খুবই হতাশা সৃষ্টি হয়েছে। সেই সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি করা হয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদিরকে। পরে ২০১৭ সালের ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি করা হয় তাকে। ফলে জেলা আওয়ামী লীগের পদ পাওয়ার পর যুবলীগের সভাপতির পদে আর কাউকে পদায়ন করা হয়নি। একইভাবে ২০০৫ সালের সেই সম্মেলনে আবু হাসনাত মো. শহীদ বাদলকে (ভিপি বাদল) সাধারণ সম্পাদ নির্বাচিত করা হয়। কিন্তু ২০১৬ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে ঘোষিত জেলা আওয়ামী লীগের আংশিক কমিটিতেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় তাকে। তখন থেকে অদ্যাবদি এই পদেও নতুন কোন লোককে পদায়ন করা হয়নি।

 

অন্যদিকে তারা দু’জনও যুবলীগের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতিও নেননি। সেই থেকেই এই মেয়াদোত্তীর্ণ জেলা যুবলীগ কান্ডারীবিহীন হয়ে আছে। যার কারণে এর অঙ্গ সংগঠনও ইউনিট কমিটিগুলোও গুরুত্ব দিয়ে কমিটি পূণর্গঠনে কোন ভূমিকা নিতে পারছেন না। এছাড়াও যুবলীগের কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে থাকা জাকিরুল আলম হেলালকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা শাহ নিজামকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি করা হয়। এভাবে জেলা যুবলীগের বেশ কয়েকটি পদ থেকেই পদোন্নতির মাধ্যমে উপরের সারিতে চলে গেছেন নেতারা। কিন্তু সেইসব পদ পূরণে এখনও তেমন কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্যদিকে তাছাড়া সেই কমিটির অনেক নেতা বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন।

 

এই অবস্থা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের। ২০১১ সালে নারায়ণগঞ্জ পৌরসভাকে ভেঙ্গে সিটি কর্পোরেশন ঘোষণা দেওয়ার পরও পেরিয়ে গেছে এক যুগ। এরও বহু আগে ২০০৫ সালে সর্বশেষ নারায়ণগঞ্জ শহর যুবলীগের কমিটি (বর্তমানে মহানগর যুবলীগ নামে পরিচিত) গঠন করা হয়েছিলো। কমিটির সভাপতি হিসেবে আছেন শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু এবং সাধারণ সম্পাদক পদে আছেন আহাম্মদ আলী রেজা উজ্জ্বল। এই কমিটিরও পার হয়েছে প্রায় দেড় যুগ। কিন্তু এখনও সেই কমিটিকে পুর্ণগঠন করা সম্ভব হয়নি। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের তোমন কোন কর্মসূচী না থাকায় হাতেগোনা কয়েকজন নেতা ছাড়া আর কারও নাম তেমন একটা পরিচিতি পায়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

তবে এই বিষয়ে জেলা বা মহানগর পর্যায়ের নেতাদের তেমন কোন ভূমিকা নেই বলে স্থানীয় একাধিক নেতার সাথে আলাপ করে জানা যায়। কিন্তু এখনও যারা জেলা ও মহানগর যুবলীগের দায়িত্বে আছেন তারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা বা সুপারিশ করলে বিষয়টি এতদিনে সম্পন্ন হতো বলে মনে করেন তারা। তাই তারা বিষয়টিতে হস্তক্ষেপ কামনার জন্য কেন্দ্রীয় উদ্যোগের জন্য দৃষ্টি আকর্ষণ করছেন নারায়ণগঞ্জ মহানগর।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন