# আগামী মাসের মধ্যে আহবায়ক কমিটি হবে: আব্দুল কাদির
# যুবলীগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখব : সানি
# অয়ন ওসমানে নেতৃত্বে যুবলীগকে শক্তিশালী করব : আহমেদ কাউসার
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটি হলেও হচ্ছে না যুবলীগের কমিটি। প্রায় ১৮ বছর ধরে খুড়িয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ। এতে হতাশ হয়ে পরেছে নারায়ণগঞ্জের মাঠ পর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা। নামে যুবলীগ নেতা পরিচয় থাকলেও তাদের কোন পদ-পদবী নেই। বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে ধরা হয় যুবলীগকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে ১১ই নভেম্বর শেখ ফজলুল হক মনি কর্তৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠিত হয়। দলের যে কোন ক্রান্তিলগ্ন সময়ে সকল সংগঠন ভূমিকা রেখেছে তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অন্যতম। কিন্তু নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে যুবলীগের হাতেগণা কয়েকজন নেতা ছাড়া যুবলীগের আর কোন ভূমিকা দেখা যায় না। বর্তমানে নারায়ণগঞ্জে সেই ১৭ বছর আগের যুবকদের দিয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ। নারায়ণগঞ্জে কোন দলীয় কর্মসূচিতে দেখা যায় জেলা যুবলীগকে।
২০০৬ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে সভাপতি ও এড.আবু হাসনাত মো.শহিদ বাদলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে জেলা যুবলীগের কমিটি করা হয়। এর পর ১৭ বছর কেটে গেলেও এখন পর্যন্ত জেলা যুবলীগের আর কোন সম্মেলন হয়নি। বর্তমানে আব্দুল কাদির ও এড.আবু হাসনাত মো.শহিদ বাদল জেলা আওয়ামীলীগের মূল দলে আছেন। আব্দুল কাদের গত কমিটিতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে ও এড.আবু হাসনাত মো.শহিদ বাদল সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তারা দুজন আওয়ামীলীগের মূল দলে চলে যাওয়ার কারনে জেলা যুবলীগের ব্যানারে আর কোন কর্মসূচি দেখা যায় না।
এবিষয়ে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, আমি ও সাধারণ সম্পাদক সহ তিনটি থানার অনেক নেতৃবৃন্দ নাম নিয়েছি, আগামী মাসের মধ্যেই জেলা যুবলীগের আহবায়ক কমিটির হবে। এছাড়াও গত ২০০৫ সালে শাহাদাত হোসেন ভূইয়া সাজনু’কে সভাপতি ও আহাম্মদ আলী রেজা উজ্জল’কে সাধারণ সম্পাদক করে শহর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই জন দুই মেরুর লোক বলে দলীয় কোন কর্মসূচি তারা এক সাথে করে না। তাদের নিজেদের নামের ব্যানারে তারা কর্মসূচিগুলো করে।
এতে মহানগরের যুবলীগের নেতাকর্মীরা প্রায় সময় বেকায়দায় পরে। কেউ সভাপতির ব্যানারে গিয়ে কর্মসূচি করেন আবার কেউ সাধারণ সম্পাদকের ব্যানারে কর্মসূচি করে। অনেক সময় দেখা যায় একই নেতা দু’বারে দু ব্যানারে কর্মসূচি পালন করেন। থানা কমিটির নেতাকর্মীরাও রয়েছে বেকায়দায়। তাদের মধ্যে অনেকেই মূল দলে চলে গেছে। কিন্তু এখনও তারা যুবলীগ নেতা। বর্তমানে নারায়ণগঞ্জে যুবলীগের অস্তিত্ব সংকটে রয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের হালধরতে চান এক দল তরুন যুবক নেতা।
যারা এক সময় জেলা ও মহানগর ছাত্র লীগকে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে তারা জেলা ও মহানগরের যুবলীগের পদ প্রত্যাশী। তাদের প্রত্যাশা অচিরেই কমিটি হলে তারা আবারও নারায়ণগঞ্জের যুবলীগকে শক্তিশালী করবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আগামীতে যুবলীগের পদ প্রত্যাশী শেখ সাফায়েত আলম সানি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করা হয়েছিলো শেখ ফজলুল হক মনি’র নেতৃত্বে, জেলা ও মহানগর কোনটার মধ্যে আমার আপত্তি নেই, সেন্টার নেতৃবৃন্দ আমাকে যেটায় যোগ্য মনে করে আমি সেখানেই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।
আমি যখন আগে ছাত্রলীগ করতাম তখন একটাই ইউনিট ছিলো নারায়ণগঞ্জ জেলা, এখন যেহেতু মহানগর হয়ে গেছে তাই দলীয় ক্ষেত্রে এখন মহানগর ও জেলা দু’টাই সমান। তাই আমাকে যেখানেই দেবে আমি সেখানেই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে এজেন্ট দিয়েছে তা বাস্তবায়ন করার জন্য স্মার্ট যুবলীগ নেতৃবৃন্দকে তৈরী করা ও তাদের মাধ্যমে যুবলীগকে প্রগতিশীল ভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি ভূমিকা রাখব।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগ ও জেলা যুবলীগের আগামীর নেতৃত্ব পদ প্রত্যাশী আহমেদ কাউসার বলেন, আমি সব সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ এ.কে.এম শামীম ওসমানের দিকনির্দেশনা ও আমার নেতা এ.কে.এম অয়ন ওসমানের নির্দেশে যে কোন মিটিং মিছিলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে থাকি। আমাকে যদি আগামীতে যুবলীগের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয় করা জন্য বিশেষ ভূমিকা পালন করব।
তিনি আরও বলেন, দল আমাকে যেখানে যোগ্য মনে করবে আমি আমার নেতা অয়ন ওসমানে নেতৃত্বে সেখানেই দায়িত্ব পালন করব। আমাকে নারায়ণগঞ্জের যুবলীগের দায়িত্ব দিলে আমি নারায়ণগঞ্জের যুবলীগকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।
এস.এ/জেসি


