সিদ্ধিরগঞ্জে এগিয়ে বিএনপি পিছিয়ে আওয়ামীলীগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৫:১৫ পিএম
# আওয়ামীলীগে ওয়ার্ড কমিটি গঠনের কোন বার্তা নেই
# বিএনপির ১০টি ওয়ার্ডেই কমিটি গঠন সম্পূর্ণ
নারায়ণগঞ্জ শহরের নিকটবর্তী সিদ্ধিরগঞ্জ এলাকাটি রাজনৈকি দলগুলোর ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। কারণ সিদ্ধিরগঞ্জ অঞ্চলেই ছিল বিশ্বের বৃহত্তর পাটকল আদমজী জুট মিলস্। আর এই অঞ্চল থেকেই যুগে যুগে বহু রাজনৈতিক দলের নেতার উত্থান ঘটেছে যারা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ অঞ্চলেই নারায়ণগঞ্জের প্রভাবশালী তিন নেতার নির্বাচন এলাকা। যার ফলে এখানে আওয়ামীলীগ এবং বিএনপির উভয় দলের মধ্যেই রয়েছে নেতৃত্বের ব্যাপক প্রতিযোগিতা। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ওয়ার্ড কমিটিগুলো গঠনে বিএনপি থেকে পিছিয়ে আওয়ামীলীগ। যার ফলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে এগিয়ে যাচ্ছে বিএনপি।
সূত্র বলছে, গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ১৭টি ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ১৭ ওয়ার্ডের সম্মেলন শেষ হলেও সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০ টি ওয়ার্ডে সম্মেলন করার গুঞ্জন থাকলেও সেটি এখনোও হয়ে উঠেনি। সিদ্ধিরগঞ্জে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে সম্মেলনের জন্য স্থানীয় ওয়ার্ডের নেতারা আগ্রহ দেখালেও থানা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোন রকম আগ্রহ লক্ষ্য করা যায়নি।
যার কারণে সিদ্ধিরগঞ্জ থানার ওয়ার্ড কমিটিগুলো গঠনের কার্যক্রম আটকে গেলেও সিদ্ধিরগঞ্জ থানার নেতারা মহানগরের শীর্ষ নেতাদের কোন রকম কর্ণপাত করছে না। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে আহবায়ক কমিটি গঠনের মাস পেরুতেই ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দেয় থানা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য সচিব ইকবাল হোসেন।
আর এই ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েই সাপ্তাহ না পেরুতেই সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ডের কমিটি করে তাক লাগিয়ে দেন। কারণ সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলায় আওয়ামীলীগ তথা বিএনপির কোন থানার নেতারাই এত অল্প সময়ের মধ্যে ইউনিট কমিটিগুলো গঠন করতে পারেনি। যার ফলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি বর্তমান সময়ে আওয়ামীলীগ থেকে সুসংগঠিত।
কারণ দীর্ঘ কয়েক বছর ধরেই সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ওয়ার্ড কমিটিগুলো হচ্ছে না আর ওয়ার্ড কমিটিগুলো গঠনের বিষয়ে থানা থেকে শুরু করে মহানগরের শীর্ষ নেতাদের মধ্যে উদ্যেগ ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ওয়ার্ড কমিটিগুলো গঠনের জন্য সম্মেলনের গুঞ্জন উঠলেও নানা রকম হিসেব নিকেশ বণি বনার কারণে থমকে আছে।
যার কারণে আবারও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ওয়ার্ডের নেতৃত্বে আসতে চাওয়া নেতারা হতাশ হয়ে পড়েছেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি নতুন হওয়া সত্ত্বেও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল থেকে থানা পর্যায়ের নেতারা উজ্জিবিত। এন.হুসেইন/জেসি


