Logo
Logo
×

রাজনীতি

আনোয়ার হোসেনকে ধুয়ে দিলেন খোকন সাহা

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পিএম

আনোয়ার হোসেনকে ধুয়ে দিলেন খোকন সাহা
Swapno

 

# আপনিতো অনেক পেয়েছেন, অন্যদেরকেও পাওয়ার সুযোগ করে দেন
# এবি সিদ্দিক নৌকা পেলে তার পক্ষেও কাজ করবো

 

 

আবারও প্রকাশ্যে এলো মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব। যদিও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার মধ্যকার এই বিরোধ নতুন কিছু নয়, বলা যায় একটি চলমান কর্ম। এই বিরোধ চলমান থাকলে ও তারা বিষয়টি কখনও স্বীকার করেননি। তবে আনোয়ার হোসেন এর আগে বিভিন্ন সময়ই তাকে ডিঙ্গিয়ে রাইফেল ক্লাবে বসে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে অভিযোগ করেছিলেন। এরপর মহানগর আওয়ামী লীগের অধীনে থাকা নাসিকের ২৭টি ওয়ার্ডের কাউন্সিল নিয়েও সেই দ্বন্দ্ব প্রকাশ পায়।

 

এমনকি এই দ্বন্দ্বের কারণেই এখন পর্যন্ত ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করা সম্ভব হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক সূত্র। তবে গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি ও জামাত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক খোকন সাহা সভাপতি আনোয়ার হোসেনের কঠোর সমালোচনা করেন। একই সাথে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকেও খোঁচা দিতে ছাড়েননি।

 

গতকাল শনিবার অনুষ্ঠিত শান্তি সমাবেশে এডভোকেট খোকন সাহা আনোয়ার হোসেনের উদ্দেশ্যে বলেন, অনেকে মাঠে নেমেছেন শহরে পোস্টার লাগাচ্ছেন। এমপি নমিনেশন পাওয়ার জন্য দলটাকে টুকরো টুকরো করে ফেলছেন। আমি বলতে চাই, আপনিতো অনেক পেয়েছেন! অন্যদেরকেও পাওয়ার সুযোগ করে দেন। আপনি বলেন, ‘দল আমাকে অনেক দিয়েছে এবার অন্যরাও কিছু পাওয়ার দাবি রাখে।’ সেটা না করে দলকে আপনারা বিভক্ত করছেন। আমি কেন্দ্রে জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে তা নেত্রীর কাছে পৌঁছেও গেছে। এখনতো দুইজন প্রার্থী দেখা যাচ্ছে।

 

ঈদের পরে অন্তত ২০ জন নৌকা নমিনেশন চাইবে আর ২০টা গ্রুপে বিভক্ত করে ফেলার চেষ্টা করা হবে। দলাদলি বাদ দিয়ে আসুন না একজন নৌকার নমিনেশন চাই। সবাই মিলে একজনের জন্য; নৌকার জন্য ফাইট করি। নমিনেশন দেওয়ার মালিক একমাত্র নেত্রী। দেশ ও দলের বৃহত্তর স্বার্থ চিন্তা করে তিনি নমিনেশন দেবেন। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমি এই শহরে আওয়ামী লীগের (মহানগর আওয়ামী লীগের) ২৭ বছরের সাধারণ সম্পাদক। আপনারা কোন ভাইকে কথা দিবেন না। নেত্রী যাকে নমিনেশন দিবেন; আমরা তার পক্ষে কাজ করব। নেত্রী যদি জোটের পক্ষে ন্যাপের এবি সিদ্দিককেও নৌকা প্রতীক দেন, আমরা এবি সিদ্দিকের পক্ষেই কাজ করব।

 

খোকন সাহা এ সময় মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেন, এই শহরের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ২০০৬ সালে যুবলীগের সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়েস; এদেশে গোলাম সারোয়ারের মতো ছেলেদের দরকার। যদি ভুল হয়ে থাকে তবে সেই সময়ের পত্র-পত্রিকা আপনাদের দেখাবো। আপনাদের পক্ষে থাকলে সন্ত্রাসীরা ফেরেশতা হয়ে যায় আর শামীম ওসমানের পক্ষে থাকলে আওয়ামী লীগের পক্ষে থাকলে তারা সন্ত্রাসী হয়ে যায়। এসব বাদ দেন, আসুন ঐক্যবদ্ধভাবে দলটা গুছাই নেত্রী নির্দেশ দিয়েছেন দলটাকে গোছানোর জন্য।

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনে এবার নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ার জন্য তৃণমূলসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে দাবি উঠায় সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন মিডিয়ায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও তাদের কর্মতৎপরতার বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। মিডিয়ায় প্রকাশ হওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বা ইচ্ছুক প্রার্থীদের তালিকার প্রথম সারিতেই আছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম।

 

একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সাথে সাথে আনোয়ার হোসেনের জনসম্পৃক্ততা এবং বিভিন্ন মাধ্যমে লবিংয়ের বিষয়টি উঠে আসে। অন্যদিকে আনোয়ার হোসেন মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের সাথে সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তাই আনোয়ার হোসেনের এবার আর কোন দায়িত্বের আশা না করে অন্যদের জন্য দায়িত্ব পাওয়ার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই খোকন সাহা এমনটি বলেছেন বলে মনে করেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সচেতন মহল।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন