রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র করছে : গিয়াস উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:২১ পিএম
# প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সজাগ থাকার আহবান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আমাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে এখন ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছে আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তারা এখন নানা রকম ফৌজদারি মামলা দিয়ে আমাকে ও আমার দলের নেতা-কর্মীদেরকে হয়রানি করার পথ বেঁছে নিয়েছে।
এরই মাঝে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে বলে পত্রিকান্তরে জানতে পেরেছি। তবে আমি আশা করছি প্রশাসন এই ঘটনার সঠিক তদন্ত করবে। পত্রিকায় দেখলাম এই অভিযোগের বাদী একজন এমপির নাম বলে বলছেন বাদী নাকি বিষয়টি ওই এমপিকে জানিয়েছেন।
আমি পরিস্কার করেই বলতে চাই মূলত ওই এমপির নির্দেশেই এই অভিযোগটি দায়ের করা হয়েছে বলে আমাদেও ধারনা। তাই আমি আশংকা করছি তার নিদের্শে আরো বড় কোনো অঘটন ঘটিয়ে আমার বিরুদ্ধে মামলা দেয়া হতে পারে। ফলে আমি নারায়ণগঞ্জের প্রশাসনের প্রতি এ বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকার জন্য আহবান জানাচ্ছি। কারন আমরা পরিস্কার দেখতে পাচ্ছি প্রতিপক্ষ কি ধরনের নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তাই আমরা দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন এবং র্যাবসহ গোয়েন্দা শাখাগুলো সর্বোচ্চ নজরধারী করবে। অন্যথায় একদিকে যেমন এই নোংরা খেলার বলি হতে পারে যে কেউ, আর এতে দুর্নামের ভাগিদার হবে প্রশাসন। আমি নারায়ণগঞ্জের সকল সচেতন মহলকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানাচ্ছি। গতকাল তিনি এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
এদিকে গতকাল এই চাঁদাবাজির অভিযোগের বিষয়ে খোঁজ নিতে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করলে এই ধরণের অভিযোগ সম্পর্কে থানা কর্তৃপক্ষ কিছু জানে না বলে জানিয়েছেন। এন.হুসেইন/জেসি


