# ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত ১৭টি ওয়ার্ডে কর্মী সভা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সংগঠন গোছানো ও সংগঠনকে চাঙা করতে একের পর এক কর্মসূচি গ্রহণ করে যাচ্ছেন। তবে একই সংগঠনে থেকে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন সংগঠনে বিভেদে জড়িয়ে এখনো সংগঠনকে গোছানো ও শক্তিশালী করতে কোন উদ্যোগ গ্রহণ করতে পারেননি।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক সক্রিয় দেখা যাচ্ছে আনোয়ার হোসেনকে। কিন্তু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার উদ্যোগে ইতিমধ্যেই বন্দর ও শহর অঞ্চলের ১১ থেকে ২৭ ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করা হয়েছে। কারণ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পূর্বে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে উজ্জীবিত করার লক্ষ্যেই উদ্যোগ নিয়েছেন খোকন সাহা।
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত ১১নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত কর্মী সভা অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। তিনি ১১ থেকে ২৭ওয়ার্ডের তৃণমূল পর্যায় থেকে সংগঠন সুসংগঠিত ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত বন্দর ও শহর অঞ্চলের ১৭টি এই কর্মী সমাবেশ করবেন। কারণ তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে আসছিলেন সংগঠনকে গুছানো এবং সুসংগঠিত করার পাশাপাশি সভাপতিকেও আহ্বান জানিয়েছেন। কিন্তু এখনো সভাপতি থেকে কোন রকম মন্তব্য না পাওয়ায় খোকন সাহা নিজেই সংগঠনকে গোছানোর জন্য মহানগর আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে এক সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
তবে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সংগঠন নিয়ে মনযোগী না হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী হতে ব্যানার ফেস্টুনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীর জানান দিচ্ছেন। যেটা নিয়ে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহাও ব্যাপক সমালোচনা করেছেন। খোকন সাহা বন্দর থানায় ঈদ সামগ্রী বিতরণ এক অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে সমালোচনা করে বলেছিলেন, আপনি অনেক পেয়েছেন।
যারা পায়নি তাদের সুযোগ করে দেন। দলটিকে বিশ টুকরো করেছেন। আজ তিনি নৌকা মার্কা চান। তার দেখাদেখি অনেকেই পোস্টার লাগাচ্ছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে সংগঠনকে শক্তিশালী রূপ দিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন কোন উদ্যোগ গ্রহণ না করায় মহানগর আওয়ামীলীগের পক্ষে খোকন সাহার উদ্যোগে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হবে।এস.এ/জেসি


