খামাখা পোষ্টার লাগিয়ে নিজের অর্থ নষ্ট করবেন না: সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৩:৪৬ পিএম
ঘুষখোর, সন্ত্রাস আর ভূমিদস্যূরা আপনার সন্তান হলেও সমর্থন করবেন না। আর তাদের (সন্ত্রাস) আমি বলতে চাই, অরাজকতা আর পোস্টার লাগাইয়েন না। আমার সাথে কাজ করেন, আপনি যদি ভালো হন। আপনার নির্বাচনের জন্য আমিই মনোনয়নপত্র আবেদন করবো।
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জে এক অনুষ্ঠানে সন্ত্রাস-ভূমিদস্যুতার বিরুদ্ধে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় এই কথা গুলো বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। তাঁর ভাষ্য, ‘আমি নিজে জনগণের গোলাম, যাদের নিয়ে কাজ করতে চাই, তাদেরকেও দেখতে চাই জনগণের গোলাম হিসেবে।’
সেলিম ওসমান বলেন, কিছু দিন আগে আমি বলেছিলাম এলাকায় এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে দৈঘ্য গড়ে তোল, অনেকেই এই কথাকে সম্মান দিয়ে ছিলেন। আবার ফেসবুকে দেখলাম, সন্ত্রাসী নাকি আমার পায়ের পাশে বসা। আমি মানুষ, আমরা যদি সকলেই সচেতন না হই, তাহলে সন্ত্রাসীরা আমার আশপাশে থাকার সুযোগ পাবে। সন্ত্রাসের বিরুদ্ধে আমি একলা কথা বলবো না। প্রতিটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় সন্ত্রাসের দৈঘ্য গড়ে তোলতে হবে।
জনপ্রতনিধিদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, ‘আমি জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করতে চাই কিন্তু যখন দেখি তারাই খাল বন্ধ করে দিচ্ছে, জমি দখল করে ব্যবসা করছে, তখন আমি দুঃখ পাই। এ গুলো আল্লাহ সইবে না। আমি হারাম আর পাপ সহ্য করতে পারবো না। খবরদার বলে দিলাম, যারা ওয়ারিশ কিনে জমি দখল করতে যাবেন, তারা আমার সাথে চলবেন না।’
সেলিম ওসমান বলেন, আর কিছু দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। এই সময়টা যদি আমাকে জনপ্রতনিধিরা সহযোগীতা না করে, তাহলে বন্দরের প্রতিটি মা-বোন, ভাইয়ের কাছে সহযোগীতা চেয়ে সময়টা কাটাতে চাই। তারপর আমি চিন্তা করবো, আগামীতে নির্বাচনে আসবো কি, আসবো না।
কাউকে যদি আমার থেকেও ভালো মনে হয়, তাহলে আমি তার মনোনয়নে সমর্থনকারী হিসেবে স্বাক্ষর দিবো। তবে, ভালো কিছু করতে হবে। বড় বড় পোস্টার দিয়ে ভোট নিতে পারবেন না। খামাখা পোষ্টার লাগিয়ে নিজের অর্জিত পয়সা নষ্ট করবেন না। অরাজকতা লাগাইয়েন না, পোস্টার লাগাইয়েন না। আসেন আমার সাথে কাজ করেন, আপনি যদি ভালো হন, আপনার নির্বাচনের জন্য আমিই মনোনয়নপত্র আবেদন করবো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আশা, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, বন্দর এসিল্যান্ড সুরাইয়া ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমুখ। এন.হুসেইন/জেসি


