গ্যাসের দাম
‘জনগণ নয় নিজের ইচ্ছেমাফিক সিদ্ধান্ত নেয় সরকার’-বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৪:৫২ পিএম
# ক্ষমতায় যেতে ভোট লাগেনা বলেই ইচ্ছে মতো দাম বাড়ায় সরকার : গিয়াস উদ্দিন
# মানুষ ভোট দিতে না পারলে সব কিছুর দাম আরো বাড়াবে সরকার : এড. সাখাওয়াত
সরকারী সংস্থা তিতাস গ্যাস কোম্পানী আবারও গ্যাসের দাম চুলা প্রতি এক লাফে ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এই খবর দেশের জাতীয় গণমাধ্যম গুলিতে প্রচার হওয়ার পর নারায়ণগঞ্জের সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। মানুষ মনে করছে দেশে জনগণের নির্বাচিত কোনো সরকার না থাকায় জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই।
তাই যতোদিন দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততোদিন সরকারী দলের লোকেরা লুটপাট চালানো অব্যাহত রাখবে। এ কারণেই খাদ্য দ্রব্যের মূল্য আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশের মানুষ এখন না খেয়ে থাকছে। গতকাল এ প্রতিনিধিকে এসব কথা বলেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যসহ সব কিছুর মূল্য বৃদ্ধির মূলে রয়েছে মানুষের ভোটের অধিকার না থাকা। কারণ সরকার মনে করে তাদেরকে ক্ষমতায় যেতে জনগণের ভোটের কোনো দরকার নেই। তাই জনগনের জন্য কোনো কিছু করারও দরকার নেই।
মানুষের প্রতি যদি তাদের কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে এভাবে বার বার তেল, গ্যাস, বিদ্যুতর দাম বাড়াতে পারতো না। তখন সরকার মনে করতো মানুষকে কষ্ট দিলেতো তাদের ভোট পাওয়া যাবে না। তাই আমি মনে করি দেশের মানুষের ভোটের অধিকার নেই বলেই এভাবে সব কিছুর দাম বাড়িয়ে চলেছে সরকার।
গ্যাসের মূল্য বৃদ্ধিও খবরে একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন দেশে অবাধে লুটপাট চালিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করা হচ্ছে। মানুষের ভোটের অধিকার হরন করে নিজেরা একটি সিন্ডিক্যাট কওে দেশ চালানোর নামে লুটপাট চালাচ্ছে।
তিনি বলেন, আপনারা জেনেছেন মার্কিন যুক্তরাস্ট্র থেকে সরকার চিনি কিনে আনছে। কারন ওই দেশে চিনির দাম বাংলাদেশের চেয়ে অনেক কম। অথচ এতোদিন সরকার বলেছে পৃথিবীর সব দেশেই নাকি জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু বাস্তবতা হলো বহু দেশের মানুষের আয় আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু ব্যায় আমাদের চেয়ে কম।
তার বড় প্রমাণ হলো উচ্চ আয়ের দেশ আমেরিকায় চিনির মূল্য বাংলাদেশের প্রায় অর্ধেক। তাই সেই দেশ থেকে চিনি কিনে দেশের চাহিদা পূরণ করছে সরকার। কিন্তু প্রশ্ন হলো কেনো বাংলাদেশে সব কিছুর দাম এতো বেশি। এই প্রশ্নের সোজা উত্তর হলো বাংলাদেশে সরকারের কোনো জবাবদিহিত নেই। তাদের ভোটে হেওে যাওয়ার কোনো ভয় নেই।
এড. সাখাওয়াত হোসেন আরো বলেন, তাই আমরা মনে করি, এই লুটেরা সরকারকে হঠাতে তীব্র গণআন্দোলনের কোনো বিকল্প নেই। যতোদিন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততোদিন দেশে কোনো কিছুর দাম কমবে না। বরং আরো বাড়বে এবং আরো বেশি সংখ্যক মানুষকে না খেয়ে থাকতে হবে। এন. হুসেইন রনী / জেসি


